বিভিন্ন স্থানে ১৪ জনের মৃত্যু
প্রকাশ : ০৩ এপ্রিল ২০১৪, ২১:২০
দেশের বিভিন্ন স্থানে গত দুই দিনে পৃথক ঘটনায় ১৪ জনের মৃত্যু হয়েছে। খবর-ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের।
খুলনায় লাশ উদ্ধার
খুলনার রূপসা উপজেলার আঠারবাকী নদীর একটি চর থেকে গত বুধবার সকালে সালাম শেখ (৪৭) নামে এক দিনমজুরের বস্তাবন্দী লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। গত ২৯ মার্চ সে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।
গৌরনদীতে ব্যবসায়ীর মৃত্যু
বরিশালের গৌরনদী পৌর এলাকায় গত বুধবার দুপুরে আল আমীন সরদার (২৮) নামে এক ব্যবসায়ী বিদ্যুত্পৃষ্টে মারা গেছেন।
নীলফামারী কৃষক নিহত
নীলফামারীর জলঢাকা উপজেলার উত্তর ধর্মপাল গ্রামে গত বুধবার মোশাররফ হোসাইন (২৮) নামে এক ব্যক্তি নিজ বাড়িতে বিদ্যুত্স্পৃষ্টে মারা যান।
দিনাজপুরে গৃহবধূর আত্মহত্যা
দিনাজপুর সদর উপজেলার রাজারামপুরে গত বুধবার সকালে গুলশান আরা বেগম (২৮) নামে এক গৃহবধূ ট্রাক্টরে নিজে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন। পুলিশ শাশুড়ী রওশন আরাকে গ্রেফতার করেছে। এ ব্যাপারে কোতয়ালী থানা একটি ইউডি মামলা হয়েছে।
পাকুন্দিয়ায় কীটনাশক পানে আত্মহত্যা
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় গত বুধবার দুপুরে কীটনাশক পানে শান্তা আক্তার (১৩) নামে এক কিশোরী আত্মহত্যা করেন। সে উপজেলার শৈলজানী গ্রামের রেনু মিয়ার মেয়ে।
হবিগঞ্জে বজ্রপাতে তিন শিশু নিহত
হবিগঞ্জের মাধবপুর উপজেলায় পৃথক বজ্রপাতে গত বুধবার দুপুরে তিনজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন। নিহতরা হলেন, উপজেলার বুল্ল¬া গ্রামের শফিক মিয়ার মেয়ে রেখা বেগম (১২) ও আহাম্মদ আলীর মেয়ে কালন বেগম (১০) এবং উত্তর সুরমা গ্রামের নান্নু মিয়ার ছেলে তানজিল মিয়া (১৩) নামে ৫ম শ্রেণির মাদ্রাসার এক ছাত্র মারা গেছে। একই দিন ধনকুড়া গ্রামের নুর আলম, বুল¬া গ্রামের জাহেদা খাতুন, কড়রা গ্রামের সুবহান মিয়ার ছেলে শুয়েব মিয়া গুরুতর আহত হন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
চৌমুহনীতে দুই শিশুর মৃত্যু
নোয়াখালী জেলার চৌমুহনী শহরের রেল স্টেশনের দক্ষিণে গতকাল বৃহস্পতিবার পানিতে ডুবে কন্যা অথিয়া (২) ও মারিয়া (২) নামে দুই শিশু মারা গেছে। নিহতরা দুইজন মামাতো ফুফাতো বোন।
ফেনীতে চালককে হত্যা
ফেনীর উত্তর কাশিমপুর এলাকায় গতকাল বৃহস্পতিবার রাতে এনামুল হক স্বপন নামে এক প্রাইভেট কার চালককে খুন করে প্রাইভেট কার ছিনতাইয়ের চেষ্টা করে। ফেনী মডেল থানার এস আই গোলাম আজম জানান, রতনপুর এলাকা থেকে যাত্রীবেশী ছিনতাইকারী ঢাকা যাওয়ার উদ্দেশ্যে ফেনী থেকে গাড়িটি ভাড়া নেয়। যাত্রীবেশী ছিনতাইকারীদেরকে নিয়ে স্থানীয় কাশেমপুর এলাকায় পৌঁছলে ছিনতাইকারীরা তাকে হত্যা করে গাড়িটি নিয়ে যাওয়ার চেষ্টা করে ব্যর্থ হয়।
জয়পুরহাটে ছুরিকাঘাতে যুবক নিহত
জয়পুরহাট সদরের মণ্ডল পাড়া এলাকায় গত বুধবার রাতে উজ্জল (২৮) নামে এক ব্যক্তি সন্ত্রাসীদের ছুরিকাঘাতে মারা যান। তাকে প্রথমে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে পরে বগুড়া সজিমেক হাসপাতালে নেয়া হলে চিকিত্সাধীন অবস্থায় তিনি মারা যান।
মুন্সীগঞ্জে ছাত্রীসহ দুইজনের লাশ উদ্ধার
মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার দক্ষিণ ওমপাড়ায় গত বুধবার গলায় ফাঁস দিয়ে সোমা আক্তার (১৫) নামে এক স্কুল ছাত্রী আত্মহত্যা করেন। সে ষোলঘর একেএসকে উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্রী। এদিকে, লৌহজং উপজেলার কান্দিপাড়া থেকে সানজিদা আক্তারের (১৮) এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। এই দু’টি ঘটনায় স্ব স্ব থানায় মামলা হয়েছে।