গাইবান্ধায় রেলওয়ের জায়গা দখল করে অবৈধ স্থাপনা

গাইবান্ধা রেল স্টেশনের দক্ষিণ পাশে রেলওয়ের মজা পুকুর দখল করে নির্মাণ করা হচ্ছে পাকা ভবন। অভিযোগ উঠেছে মাটি ভরাট করে দিন-দুপুরে প্রকাশ্যে এ অবৈধ কাজ চলমান থাকলেও রেল কর্তৃপক্ষ নীরব দর্শকের ভূমিকা পালন করে যাচ্ছে। দীর্ঘদিন থেকেই গাইবান্ধা রেলের অনেক জায়গা দখল করে প্রভাবশালীরা বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠান নির্মাণ করেছেন। অভিযোগ আছে রেলওয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে আর্থিক লেনদেনের মাধ্যমে ওই জায়গাগুলোর কোন বৈধ কাগজ-পত্র ছাড়াই বছরের পর বছর প্রভাবশালীরা ভোগদখল করে আসছেন। কিন্তু কর্তৃপক্ষ ইতিপূর্বে এদের বিরুদ্ধে আইনগত কোন ব্যবস্থা নেননি। এ ব্যাপারে গাইবান্ধা রেল স্টেশন মাস্টার আব্দুল ওয়াহেদ মন্ডল বলেন, এ ব্যাপারে আমাদের করার কিছু নেই। রেলওয়ের জমি দেখাশোনার দায়িত্ব লালমনিরহাট ডিভিশনের স্টেট বিভাগের। এ ব্যাপারে লালমনিরহাটের রেলওয়ের স্টেট ডিভিশনের কর্মকর্তার সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তার মোবাইল বন্ধ পাওয়া যায়।