নেত্রকোনার হাওর অঞ্চলে ধানে চিটা কৃষকের মাথায় হাত
মোহনগঞ্জ (নেত্রকোনা) সংবাদদাতা
প্রকাশ : ০৩ এপ্রিল ২০১৪, ২১:২২
চলতি বোরো মৌসুমে নেত্রকোনার হাওর অঞ্চলীয় উপজেলা মোহনগঞ্জ মদন খালিয়াজুরীর বিস্তীর্ণ হাওর এলাকায় হাজার হাজার হেক্টর বোরো ধানে চিটা দেখা দিয়েছে। কৃষকদের সাথে কথা বলে জানা গেছে, ব্রি-২৮ ধানে চিটা হয়েছে বেশি। চিটা দেখে কৃষকরা হতাশ হয়ে পড়েছে। একমাত্র বোরো ফসলের উপর নির্ভরশীল হাওর অঞ্চলের মানুষ প্রকৃতির উপর নির্ভর করে বোরো আবাদ করে থাকে। এখন হাওরে যে পর্যন্ত চোখ যায় কেবল সবুজের সমারোহ। ১০/১৫দিন আগে খাইসতোর ফেটে ধানে শীষ বেরিয়েছে কিন্তু পরাগায়ন হয়নি। কৃষি বিজ্ঞানীদের মতে, স্বাভাবিক ধানে শতকরা ১০ থেকে ২০ ভাগ চিটা হতে পারে। চিটার পরিমাণ এর চেয়ে বেশি হলে ধরে নিতে হবে খাইসতোর থেকে ধানের ফুল ফোটা পর্যন্ত উঠতি ফসল কোনো না কোন প্রতিকূল অবস্থার শিকার হয়। এই বৈরী পরিবেশ অজৈব পর্যায়ে ঠাণ্ডার কারণে ধানে অধিকতর চিটা হয়। এ ব্যাপারে মোহনগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মো: মফিজুল ইসলাম নাফিজ জানান, প্রজনন পর্যায়ে শীষের গঠন থেকে শীষ বের হওয়ার সময় বাতাসের তাপমাত্রা ১৮ ডিগ্রী সেলসিয়াসের নিচে নেমে এলে ধান গাছের খুবই অসহনীয় পরিস্থিতি সৃষ্টি হয়।