রাহুলের প্রশংসা করে বিপাকে তার ভাই বরুণ গান্ধী!

ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতা বরুণ গান্ধীর মা মেনকা গান্ধী তার ছেলেকে মাথা খাটানোর উপদেশ দিয়েছেন। বরুণ মঙ্গলবার আপন চাচাতো ভাই ও কংগ্রেস সহ-সভাপতি রাহুল গান্ধীর ঢালাও গুণকীর্তন করার পর মেনকা তার ছেলেকে এ উপদেশ দিলেন। তাকে আবেগ ব্যবহার করতে নিষেধ করেছেন। অ্যামেথি ও রায়বেরিলির লাগোয়া জেলা সুলতানপুরে বিজেপির প্রার্থী বরুণ মঙ্গলবার একদল শিক্ষক ও কর্মীদের সমাবেশে বলেছিলেন, ‘রাজনীতিকে আমি একটা নতুন ধাঁচে ফেলতে চাই। আমাদের ক্ষুদ্রশিল্পের বিকাশ প্রয়োজন। রাহুল অ্যামেথিতে যেভাবে স্বনির্ভর গোষ্ঠী গঠন করে সাফল্য পেয়েছেন, সেই রকম। আমি অবশ্য ওগুলো চোখে দেখিনি।’ তবে মঙ্গলবার দাদার প্রশংসা করে বিপাকেই পড়েছেন বরুণ। তাই বুধবার নিজের মন্তব্যের ক্ষতি পুষিয়ে নিতে তড়িঘড়ি বরুণ ঘোষণা করেন তার মন্তব্যকে কোনও দল বা প্রার্থীর প্রচার হিসাবে যেনও দেখা না হয়। ছেলের মন্তব্যে ক্ষুব্ধ মেনকা গান্ধী বুধবার সাংবাদিকদের জানান, ‘আমি বরুণকে বলেছি নিজের চোখে না দেখে কোনও কিছু নিয়ে মন্তব্য না করতে। বরুণ যা বলেছে আসলে তার কোনও ভিত্তিই নেই। আমি নিজে অ্যামেথি গিয়েছি। সেখানে কোনও উন্নতিই চোখে পড়েনি। চোখে না দেখে কারও কোনও মন্তব্য করা উচিত্ নয়। কেউ হয়ত বরুণকে বলেছে যে অ্যামেথিতে ভাল কাজ হয়েছে।’ এই বিজেপি নেত্রীর মন্তব্য করার আগে বরুণের উচিত্ সতর্ক হওয়া। রাহুল গান্ধী অবশ্য এই সুযোগ ছাড়েননি। বরুণের মন্তব্যের পর বুধবার চটজলদি তার প্রতিক্রিয়ায় জানিয়েছেন, বরুণ যা বলেছে ঠিকই বলেছে। অ্যামেথিতে যে কাজ হয়েছে তা নিয়ে বাকিরা প্রশংসা করায় আমি খুশি। রাহুলও বিপাকে:এদিকে, নিজের লোকসভা কেন্দ্র অ্যামেথির বাসিন্দা হিসাবে যে তথ্য-প্রমাণ রাহুল দিয়েছিলেন গতকাল বৃহস্পতিবার তা খারিজ করে দিয়েছেন অ্যামেথির সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট। রাহুল গান্ধীর আবেদনপত্র খারিজ করে দিয়ে অ্যামেথির এসডিও জানিয়েছেন কংগ্রেস সহ সভাপতি সেখানকার বাসিন্দা হওয়ার যে দাবি করেছেন তার কোনও প্রমাণই নেই। শুধু তাই নয় তিনি যে মাঝে মাঝে অ্যামেথি এসে থাকেন, তারও প্রমাণ দিতে পারেননি। কাগজপত্রে তার পরিবর্তে আরেকজন সই করেছে, যা গ্রহণযোগ্য নয়। গত ১০ বছর ধরে অ্যামেথি থেকে নির্বাচিত হচ্ছেন রাহুল । কিন্তু এসডিও-এর রায়ে এবার বিপাকে পড়েছেন তিনি।