জামালপুরে ফেন্সিডিলসহ সেনাবাহিনীর মেজর গ্রেফতার
জামালপুর প্রতিনিধি ও বকশীগঞ্জ সংবাদদাতা
প্রকাশ : ০৩ এপ্রিল ২০১৪, ২৩:০৮
জামালপুর জেলার বকশীগঞ্জে ফেনসিডিলসহ সেনাবাহিনীর এক মেজর ও অপর ৩ জনসহ মোট ৪ জনকে আটক করেছে বকশীগঞ্জ থানার পুলিশ। বকশীগঞ্জ থানার ওসি (তদন্ত) নূরুল ইসলাম খান জানান, গত বুধবার গভীর রাতে বকশীগঞ্জের ভারতীয় সীমান্তবর্তী কামালপুর এলাকায় একটি প্রাইভেটকার তল্লাশি চালিয়ে শপিংব্যাগ থেকে মোট ৫১ বোতল ফেনসিডিল উদ্ধার করে বকশীগঞ্জ থানার পুলিশ। গাড়ির আরোহী সেনাবাহিনীর ১ জন মেজর এবং অপর ৩ জনসহ মোট ৪ জনকে আটক করে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, চট্টগ্রামের হালিশহর সেনাবাহিনীর আর্টিলারি কোরে কর্মরত মেজর ইমতিয়াজ নাছিম ছুটিতে বাড়ি এসে মাদক ব্যবসায়ী আবু সাইদ, মামুনসহ গাড়ির চালককে নিয়ে প্রাইভেটকারযোগে কুড়িগ্রামের রাজিবপুর যান। সেখানে ফেনসিডিল ক্রয় করে ময়মনসিংহে বাড়ি যাচ্ছিলেন। এ গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে। আটককৃতরা হলেন মেজর ইমতিয়াজ নাসিম ময়মনসিংহ শহরের ৩নং কর্পোরেট স্ট্রিট এলাকার বাসিন্দা ড. ভুঁইয়া নূরুল ইসলামের ছেলে। অপর সহযোগীরা হলেন মাদক ব্যবসায়ী আবু সাইদ, তার বাড়ি ময়মনসিংহ শহরে এবং মামুনের বাড়ি শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার পৌর শহরে। জামালপুর পুলিশ সুপার নজরুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, সেনাবাহিনীর মেজরকে ৩ এপ্রিল দুপুরে ঘাটাইল সেনানিবাসে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। অপর ৩ জনের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা করে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
বকশীগঞ্জ সংবাদদাতা জানান, প্রতিবেশী ভারতের সীমান্তবর্তী কুড়িগ্রাম জেলার রাজিবপুর উপজেলা থেকে ফেরার পথে জামালপুর জেলার বকশীগঞ্জ থানার পুলিশ স্থানীয় বাস টার্মিনালে ৫১ বোতল ফেনসিডিল এবং ১টি প্রাইভেটকারসহ সেনা মেজর ইমতিয়াজ নাসিম, তার মাদক ব্যবসায়ী বন্ধু আবু সাইদ এবং মামুনকে আটক করে। মেজর ইমতিয়াজ নাসিম চট্টগ্রামের হালিশহর সেনানিবাসে আর্টিলারি কোরে কর্মরত। তার বাড়ি ময়মনসিংহ জেলা শহরে। সেনা আইন মোতাবেক গতকাল বৃহস্পতিবার সকালে বকশীগঞ্জ পুলিশ মেজর ইমতিয়াজ নাসিমকে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে হস্তান্তর করে। অপর ২ জনের নামে বকশীগঞ্জ থানায় মাদকদ্রব্য আইনে মামলা হয়।