রংপুরে ২ তেলবাহী ওয়াগন লাইনচ্যুত
প্রকাশ : ০৩ এপ্রিল ২০১৪, ২৩:০৮
রংপুর রেলওয়ে স্টেশনের পশ্চিম পয়েন্টে গতকাল বৃহস্পতিবার সকালে সান্টিং করতে গিয়ে ২ তেলবাহী ওয়াগান লাইনচ্যুত হয়। এ ঘটনায় রংপুরের সাথে সকল রুটের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এদিকে সকালে দুর্ঘটনা হলেও লালমনিরহাট থেকে উদ্ধারকারী টুলবাহী ট্রেন ৫ ঘণ্টা পর দুপুরে রংপুর রেলস্টেশনে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। এ রিপোর্ট গতকাল বিকালে লেখা পর্যন্ত দুর্ঘটনা কবলিত ওয়াগান ২টি উদ্ধার কিংবা ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়নি।
রংপুর রেলওয়ে ও প্রত্যক্ষদর্শীসূত্রে জানা যায়, স্টেশন সংলগ্ন তেল ডিপোতে গতকাল সকালে তেলবাহী ওয়াগান স্থানান্তরের জন্য সান্টিংয়ের কাজ করা হচ্ছিল। এ সময় পশ্চিম পয়েন্টের কাছে ২ তেলবাহী ওয়াগান লাইনচ্যুত হয়ে পড়ে। এ ঘটনায় রংপুর দিয়ে চলাচলরত ৮টি ট্রেন বিভিন্ন স্টেশনে আটকা পড়ে। রংপুর রেলস্টেশনের ভারপ্রাপ্ত সুপার আকবর হোসেন বলেন, রেল লাইনগুলো সংস্কার না করায় বার বার এ ধরনের দুর্ঘটনা ঘটছে। প্রকৌশলী বিভাগের (পিডব্লিউআই) উপ-সহকারী প্রকৌশলী গোলাম মোস্তফা বলেন, আমাদের বিভাগ থেকে সবসময় লাইন সংস্কার করা হয়। যারা সান্টিং করছিল মূলত তাদের দায়িত্বে অবহেলার কারণে এ ঘটনা ঘটেছে।
লালমনিরহাট বিভাগীয় রেল অফিসের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ বিষয়ে একটি তদন্ত দল গঠনের কথা জানিয়েছেন ডেপুটি ট্রাফিক সুপারিনটেনডেন্ট মোস্তাফিজার রহমান। এদিকে বার বার লাইনচ্যুতের ঘটনা ঘটলেও রংপুর স্টেশনের লাইনগুলো ঠিক হয়নি বলে বিভিন্ন পক্ষ থেকে অভিযোগ করা হয়।