কারাগারেই কাটাতে হচ্ছে ভারতের সাহারা প্রধান সুব্রত রায়কে

প্রয়োজনীয় ১০ হাজার কোটি রুপি দিতে অপারগতা প্রকাশ করায় ভারতের সাহারা শিল্পগোষ্টির প্রধান সুব্রত রায়ের জামিন হয়নি। ফলে তাকে অনির্দিষ্টকালের জন্য তিহার জেলে কাটাতে হচ্ছে। ভারতের সুপ্রিম কোর্ট আগেই জানিয়েছিল, দশ হাজার কোটি রুপি দিলেই জামিন পাবেন সুব্রত রায়। সাহারা গ্রুপের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে জামিনের জন্য প্রয়োজনীয় ১০ হাজার কোটি রুপি দিতে অপারগ তারা। সাহারা গোষ্ঠী উল্টে নতুন প্রস্তাবে শীর্ষ আদালতকে জানিয়েছে সুব্রত রায়ের জামিনের ২১ দিনের মধ্যে আড়াই হাজার কোটি টাকা দিতে পারবে তারা। খবর জি নিউজের। বিনিয়োগকারীদের ২০ হাজার কোটি টাকা ফেরত না দেওয়ার মামলায় সুপ্রিমকোর্টে নির্ধারিত দিনে হাজিরা না দেওয়ার কারণে তার বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল শীর্ষ আদালত। সেই মামলাতেই জেলে আছেন তিনি। টাকা ফেরতের জন্য দুই মাস সময় চেয়েছিলেন সুব্রত। টাকা ফেরত দিতে সম্পত্তি বিক্রি করতেও রাজি ছিলেন। তার পরেও সুপ্রিম কোর্ট তাকে অনুকম্পা দেখাতে রাজি হয়নি।