সাত ব্যাংককে সতর্ক করল কেন্দ্রীয় ব্যাংক

স্বীকৃত বিল পরিশোধে বিলম্বের কারণে সাত ব্যাংককে সতর্ক করল বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে দ্রুততম সময়ে বিল পরিশোধে তাদের নির্দেশ দেয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার কেন্দ্রীয় ব্যাংকে অনুষ্ঠিত এক বৈঠকে ব্যাংকগুলোকে সতর্ক করা হয়। রাষ্ট্রীয় মালিকানার দুটি, বিশেষায়িত একটি এবং চারটি বেসরকারি ব্যাংক স্বীকৃত বিল পরিশোধ বিলম্বের তালিকায় আছে। বাংলাদেশ ব্যাংকের সভাকক্ষে নির্বাহী পরিচালক আহসান উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এসব ব্যাংকের আন্তর্জাতিক বিভাগের প্রধানরা উপস্থিত ছিলেন। জানা গেছে, বিভিন্ন গ্রাহকের অভিযোগের ভিত্তিতে চলতি বছরের শুরুর দিকে এসব ব্যাংকের সঙ্গে বৈঠক করে যথাসময়ে বিল পরিশোধের নির্দেশ দিয়েছিলো কেন্দ্রীয় ব্যাংক। গত ২৮ ফেব্রুয়ারির মধ্যে স্বীকৃত বিল বাবদ অন্য ব্যাংকের পাওনা পরিশোধ করতে বলা হয়েছিলো। তবে এসব ব্যাংক তা করেনি। নতুন করে অনেক ব্যাংকের বিরুদ্ধে আরো অভিযোগ এসেছে। এ কারণে দ্রুততম সময়ে স্বীকৃত বিলের দায় পরিশোধ করে কেন্দ্রীয় ব্যাংককে জানাতে বলা হয়েছে।