বাসে পেট্রোলবোমা ছোঁড়ার মামলা
একটিতে মির্জা ফখরুলের জামিন হলেও অন্যটিতে হয়নি
প্রকাশ : ০৩ এপ্রিল ২০১৪, ২৩:১০
রাজধানীর শাহবাগ থানায় দায়েরকৃত একটি হত্যা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন মঞ্জুর হলেও রমনা থানার অন্য মামলায় তার জামিন আবেদন নাকচ করেছেন দায়রা জজ। গতকাল বৃহস্পতিবার ঢাকা মহানগর দায়রা জজ মো. জহুরুল হক শুনানি শেষে এ আদেশ দেন।
তিনি জামিন পেয়েছেন ১৮ দলীয় জোট কর্তৃক ৭২ ঘণ্টা দেশব্যাপী অবরোধ চলার সময় ২৮ নভেম্বর বিহঙ্গ পরিবহনের একটি বাসে পেট্রোল বোমা মেরে আগুন ধরিয়ে দেয়ার মামলায়। অন্যদিকে জামিন পাননি ৩০ নভেম্বর মালিবাগ চৌধুরীপাড়ায় সুপ্রভাত পরিবহনের একটি যাত্রীবাহী বাসে পেট্রোল বোমা ছুঁড়ে মারার মামলায়। মামলাগুলোর এজাহারে মির্জা ফখরুলকে উস্কানিদাতা হিসাবে উল্লেখ করা হয়েছে।