সীতাকুণ্ডে শিপব্রেকিং ইয়ার্ডে সিলিন্ডার বিস্ফোরণে নিহত ৪

জেলায় সীতাকুণ্ড উপজেলার কদমরসুল এলাকায় আরেফিন এন্টারপ্রাইজ নামে একটি শিপব্রেকিং ইয়ার্ডে গতকাল বৃহস্পতিবার দুপুর সাড়ে ৩টার দিকে জাহাজ কাটার সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ঘটনাস্থলেই ৪ শ্রমিক নিহত হওয়ার সংবাদ পাওয়া গেছে। এ সময় আহত হয় ৪ শ্রমিক। নিহতরা হলেন—ওমর ফারুক (২৯), মো. আরিফ (৩৫), জসিম উদ্দিন (৩০) ও মো. গিয়াস উদ্দিন (৩০)। এদের মধ্যে প্রথম ৩ জনের বাড়ি সীতাকুণ্ড উপজেলায়। গিয়াস উদ্দিনের বাড়ি চট্টগ্রামের বাঁশখালী উপজেলায়। একই ঘটনায় গুরুতর আহত ৪ শ্রমিককে নগরীর একে খান এলাকার আল আমীন ক্লিনিকে ভর্তি করা হয়। তারা হলেন—মো. রমজান আলী (৩২), মো. আকবর (৩৫) লোকমান (৩৩) ও রকিব (৩২)। সীতাকুণ্ড থানার ওসি বিস্ফোরণের ঘটনায় কয়েক শ্রমিক হতাহত হওয়ার খবর নিশ্চিত করেন। তবে তিনি হতাহতের সংখ্যা নিশ্চিত করতে পারেননি। এ ঘটনায় গতকাল রাত ৮টা পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি। একটি মহল ঘটনাটি ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছে বলে স্থানীয়রা অভিযোগ করেন। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আরেফিন এন্টারপ্রাইজ নামে শিপব্রেকিং ইয়ার্ডে গতকাল দুপুরে এমভি ক্যাপিটাল লাইসেনকো নামে একটি পুরাতন জাহাজ কাটার কাজ চলছিল। এ সময় কয়েকজন ক্রেতা জাহাজের মালামাল কিনতে সেখানে যান। তাদেরকে বিভিন্ন মালামাল দেখানোর এক পর্যায়ে কার্বন ডাই অক্সাইড গ্যাসের একটি সিলিন্ডার হঠাত্ বিকট শব্দে বিস্ফোরিত হয়। এতে ৮ শ্রমিক অজ্ঞান হয়ে পড়েন। তাদেরকে একে খান এলাকার আল আমীন হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিত্সক ৪ জনকে মৃত ঘোষণা করেন। আরেফিন এন্টারপ্রাইজের মালিক মো. কামাল উদ্দিন সাংবাদিকদের বলেন, কাটার জন্য পুরাতন একটি জাহাজ আনার পর ইলেকট্রিক মালামাল ক্রয় করার জন্য ৭/৮ জনের একটি ব্যবসায়ী দল জাহাজটিতে যায়। সেখানে ভুলক্রমে কার্বন ডাই অক্সাইড গ্যাসের বোতল খুলে ফেললে গ্যাস আক্রান্ত হয়ে কয়েক শ্রমিক অজ্ঞান হয়ে পড়েন। তাদের হাসপাতালে নেয়া হয়েছে বলে তিনি জানান।