সিলেট ব্লুবার্ড স্কুলে শিক্ষকদের কর্মবিরতি স্থগিত

সিলেট ব্লু-বার্ড স্কুল এন্ড কলেজের শিক্ষকদের ডাকা অনির্দিষ্ট কালের কর্মবিরতি স্থগিত রাখা হয়েছে। আগামী রবিবার থেকে শিক্ষা প্রতিষ্ঠানের কার্যক্রম চলবে এবং ক্লাস পরীক্ষাও শুরু হবে বলে কলেজ কর্তৃপক্ষ জানিয়েছেন। এদিকে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) মনিরুল ইসলামকে প্রধান করে ঘটনার তদন্তে দায়িত্ব দেয়া হয়েছে। তিনি ৭ দিনের মধ্যে তদন্ত রিপোর্ট জেলা প্রশাসক বরাবরে জমা দিবেন। গত বুধবার এই প্রতিষ্ঠানের শিক্ষক ও অভিভাবক সদস্যদের আকস্মিক ভিজিট নিয়ে দু’পক্ষ মুখোমুখি অবস্থানে চলে যান। এক পর্যায়ে ব্লু-বার্ডের শিক্ষকরা বৃহসপতিবার থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতির ডাক দেন। অন্যদিকে বৃহসপতিবার প্রতিষ্ঠানের মাসিক টেস্ট পরীক্ষাও স্থগিত হয়ে যায়। বিষয়টি সুরাহা না হওয়া পর্যন্ত শিক্ষকরা ক্লাসে ফিরবেন না বলে জানান। এনিয়ে শিক্ষার্থী-অভিভাবকরা উদ্বিগ্ন হয়ে পড়েন। বিষয়টি প্রতিষ্ঠানের সভাপতি ও সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শহিদুল ইসলামকে অবহিত করেন শিক্ষকরা। পরে তিনি অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) মনিরুল ইসলামকে প্রধান করে ঘটনার সুষ্ঠু তদন্তের আশ্বাস দিলে শিক্ষকরা কর্ম বিরতি স্থগিত করে আগামী রবিবার থেকে যথাযথ কার্যক্রম চলার ঘোষণা দেন। সূত্র মতে, বুধবার সকালে স্কুলের বিভিন্ন ক্লাসে অভিভাবক সদস্যদের আকস্মিক ভিজিট নিয়ে অপ্রীতিকর ঘটনার প্রেক্ষিতে স্কুলে অচলাবস্থার সৃষ্টি হয়।