এমপি হিরন দেশে লাইফ সাপোর্টে

সিঙ্গাপুরে চিকিত্সাধীন সদর আসনের এমপি ও বরিশাল মহানগর আওয়ামী লীগের সভাপতি শওকত হোসেন হিরনকে গতকাল বৃহস্পতিবার ঢাকায় এনে এ্যাপোলো হাসপাতালে পুনরায় ভর্তি করা হয়েছে। মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফজালুল করিম জানান, সিঙ্গাপুরের যে হাসপাতালে শওকত হোসেন হিরন চিকিত্সাধীন ছিলেন সেখানে চিকিত্সা খুবই ব্যয়বহুল। বিপুল টাকা খরচ হলেও অবস্থার কোনো উন্নতি না হওয়ায় তাকে পরিবারের সম্মতিতেই দেশে আনা হয়েছে। গতকাল বৃহস্পতিবার এয়ার এ্যাম্বুলেন্সে লাইফ সাপোর্ট অবস্থায় তাকে সিঙ্গাপুরের গ্লেনঈগল হাসপাতাল থেকে ঢাকার এ্যাপোলো হাসপাতালে আনা হয়। সেখানে লাইফ সার্পোট দিয়ে তাকে রাখা হয়েছে। গত ২২ মার্চ রাতে শওকত হোসেন হিরন মস্তিষ্কে রক্ত ক্ষরণের কারণে শেরেবাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হন। রাতেই তাকে ঢাকার এ্যাপোলো হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর ২৪ মার্চ তাকে সিঙ্গাপুরে গ্লেনঈগল হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।