কাল চট্টগ্রাম ও বরিশালে ৬ লাখ শিশুকে ভিটামিন ক্যাপসুল খাওয়ানো হবে

আগামীকাল শনিবার চট্টগ্রাম ও বরিশাল সিটি কর্পোরেশনসহ উভয় জেলার সাড়ে ছয় লাখ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। কাল সকাল ৮টায় চট্টগ্রাম নগরীর শেরশাহ কলোনী ইমারাতুন্নেসা সিটি কর্পোরেশন কিন্ডারগার্টেনে এ কার্যক্রমের উদ্বোধন করবেন সিটি মেয়র এম মনজুর আলম। কর্মসূচির আওতায় নগরীর ৪১টি ওয়ার্ডে স্থায়ী ও অস্থায়ী এক হাজার ২৮৮টি কেন্দ্রের মাধ্যমে ৬ থেকে ১১ মাস বয়সী এক লাখ শিশুকে নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ২ লাখ শিশুকে লাল রঙের উচ্চ ক্ষমতা সম্পন্ন ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। ভিটামিন এ প্ল¬াস ক্যাম্পেইন এর পাশাপাশি শিশুদের কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানো কর্মসূচি আগামী ৭ এপ্রিল পর্যন্ত চলবে। এদিকে বরিশালে ৩ লাখ ৫৩ হাজার ৬শ’ ৪ শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে বলে জানা গেছে। জেলার ৬ থেকে ১১ মাস বয়সী ৩৪ হাজার ৯শ’ ৫৮ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল ও ১২ থেকে ৫৯ মাস বয়সী ৩ লাখ ১৮ হাজার ৬শ’ ৪৬ শিশুকে উচ্চ ক্ষমতা সম্পন্ন ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। গতকাল বৃহস্পতিবার বরিশাল জেলা সিভিল সার্জন ও সিটি কপোরেশনের স্বাস্থ্য বিভাগের পৃথক সংবাদ সম্মেলনে এ তথ্য প্রদান করা হয়েছে। বরিশাল সিটি কপোরেশনের নগর ভবনের সভা কক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মতিউর রহমান এবং সিভিল সার্জন অফিসের সভা কক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলের সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডাঃ এটিএম মিজানুর রহমান। প্রতিটি টিকাদান কেন্দ্র সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত খোলা থাকবে। জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন বাস্তবায়নের লক্ষ্যে ইতিমধ্যে মাইকিং ও প্রচার-প্রচারণা চালানো হচ্ছে।