কলারোয়ায় মসজিদ থেকে ১৩টি পেট্রোল বোমা উদ্ধার

গত বুধবার রাতে কলারোয়া উপজেলার জয়নগর ইউনিয়নের মানিকনগর জামে মসজিদ থেকে পুলিশ ১৩টি পেট্রোল বোমা উদ্ধার করেছে। সরসকাটি পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত উপপরিদর্শক সাফুর আহম্মেদ জানান, দুর্বৃত্তরা সহিংসতা সৃষ্টির লক্ষ্যে মানিকনগর গ্রামে মসজিদের ছাদে বিপুল পরিমাণ বোমা মজুদ করেছে মর্মে তিনি খবর পান। রাত সাড়ে ১০টার দিকে ওই মসজিদের কার্নিশ থেকে ১৩ টি পেট্রোল বোমা ও এক বস্তা ইটের টুকরো উদ্ধার করেন। কলারোয়া থানার অফিসার ইনচার্জ মুন্সী মোফাজ্জেল হোসেন পেট্রোল বোমা উদ্ধারের সত্যতা স্বীকার করে জানান, এবিষয়ে এস আই সাফুর আহম্মেদ বাদি হয়ে বৃহস্পতিবার একটি সাধারণ ডায়েরি করেন। তদন্ত সাপেক্ষে জিডিটা পরে মামলা হিসাবে রেকর্ড করা হবে। তিনি আরও বলেন, নাশকতা সৃষ্টি করে জামায়াত-শিবির ফের সংগঠিত হওয়ার চেষ্টা করছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।