বিরক্ত সোনম

অনীল কন্যা বলিউড সেলিব্রেটি সোনম কাপুর একটি নয়, একাধিক বিষয় নিয়ে বিরক্ত। তার মধ্যে মুখ্য বিষয় হলো চলচ্চিত্রের চুক্তিপত্রে মাতৃত্ব বিষয়টি নিয়ে। তিনি বলেন, ‘চুক্তিপত্র থেকে মাতৃত্বের বিষয়টি পুরোপুরি উঠিয়ে দেওয়া উচিত। আর চুক্তিপত্রের বাইরে চলচ্চিত্র শিল্প থেকে এ নিয়ে আইন করা উচিত। অনেকেই এই চুক্তিপত্রে সই করেও দেখা যায় চলচ্চিত্রের অর্ধেকাবস্থায় গর্ভধারণ করেন। যা পুরো একটি চলচ্চিত্রকে অনিশ্চয়তার মুখে ঠেলে দেয়।’ অন্যদিকে, বর্তমান রাজনীতি নিয়েও সোনম কাপুর বেশ ঠোঁটকাটা জবাব দিয়েছেন। তিনি বলেন, ‘নির্বাচন দিন দিন বিরক্তিকর এক সার্কাসে পরিণত হয়েছে। কার জন্য, কীসের জন্য কাকে ভোট দিচ্ছি আমরা। রাজনীতির জগতে নোংরা লড়াই ছাড়া কিছুই নেই। বিন্দুমাত্র মর্যাদাবোধ এখানে অবশিষ্ট নেই। রাজনীতির পুরো প্রক্রিয়াটাই বদলে ফেলা উচিত। আর কারও যদি কোনো দাবি থাকে তাহলে তাকে মাথা তুলে দাবি জানাতে হবে। আদায় করে নিতে হবে। সরকার কখনও নিজ থেকে এসব দেবে না।’ এই দুই বিবৃতি দিয়ে বলিউডে বেশ আলোচিত এখন সোনম কাপুর। বলিউডের অধিকাংশ তারকাই এখন জাতীয় নির্বাচন নিয়ে মেতে আছেন। কেউ কেউ কোনো কোনো দলকে সমর্থনও জানিয়েছেন। আর এ প্রসঙ্গেই সোনম এরকম বিবৃতি দেন।