নোবেলজয়ী মার্কেজ
হাসপাতালে
প্রকাশ : ০৪ এপ্রিল ২০১৪, ২১:০৭
নোবেলজয়ী প্রখ্যাত কলম্বিয়ান লেখক গ্যাবরিয়েল গার্সিয়া মার্কেজকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ফুসফুস ও মূত্রনালীতে সংক্রমণের কারণে ৮৭ বছর বয়সী এই প্রভাবশালী লেখককে মেক্সিকো সিটির হাসপাতালে নেয়া হয় বলে দেশটির কর্মকর্তারা জানিয়েছেন।
সামপ্রতিক বছরগুলোতে জাদুবাস্তবতার ঘোর সৃষ্টিকারী এই কথাশিল্পীকে খুব কমই প্রকাশ্যে দেখা গেছে। মেক্সিকোয় বসবাসকারী এই লেখক বেশ কয়েক বছর ধরেই শারীরিক অসুস্থতায় ভুগছেন। মার্কেজকে স্প্যানিশ ভাষার সর্বকালের অন্যতম সেরা লেখক হিসাবে বিবেচনা করা হয়। তার রচিত ‘ওয়ান হানড্রেড ইয়ারস অব সলিচিউড’ (নিঃসঙ্গতার একশ’ বছর) উপন্যাসের জন্য তিনি বিশ্বব্যাপী পরিচিতি পান। ১৯৬৭ সালের এই উপন্যাসটি বিশ্বব্যাপী ৩ কোটিরও বেশি কপি বিক্রি হয়েছে। ৩০ বছর ধরে মেক্সিকোতে বসবাসকারী মার্কেজকে সোমবার রাতে রাজধানী মেক্সিকো সিটির দ্য ন্যাশনাল নিউট্রিশন ইন্সটিটিউট সালভাদর জুবিরানে ভর্তি করা হয়। এক বিবৃতিতে মেক্সিকোর স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, তিনি(মার্কেজ) চিকিত্সায় সাড়া দিচ্ছেন। অ্যান্টিবায়োটিকের কোর্স সম্পন্ন হওয়ার পর তাকে হাসপাতাল থেকে ছাড়া হবে কিনা সে বিষয়টি পর্যালোচনা করা হবে। দু’বছর আগে মার্কেজের ভাই জাইম গার্সিয়া মার্কেজ জানিয়েছিলেন, গ্যাবরিয়েল গার্সিয়া মার্কেজ ক্রমেই স্মৃতিশক্তি হারাচ্ছেন।