হোমনায় ব্রিজ না থাকায় ঝুঁকিপূর্ণ সাঁকোতে পারাপার
হোমনা (কুমিল্লা) সংবাদদাতা
প্রকাশ : ০৪ এপ্রিল ২০১৪, ২১:১৫
হোমনা উপজেলার মাথাভাঙ্গা ইউনিয়নের বিজয় নগর-দাঁড়িগাঁও খালের ওপর ব্রিজ নির্মাণ করা এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি। প্রতিবারই নির্বাচনের আগে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা ব্রিজ নির্মাণের আশ্বাস দিয়ে আসলেও দীর্ঘদিনেও উক্ত স্থানে ব্রিজ নির্মাণ হচ্ছে না। ব্রিজ না থাকায় প্রতিনিয়ত বাঁশের সাঁকোতে ঝুঁকি নিয়ে যাতায়াত করছে দাঁড়িগাঁও, বিজয়নগর, ভংগারচর ও টেকেরহাটের হাজারো মানুষ। বিজয়নগর গ্রামের ব্যবসায়ী মো. মোয়াজ্জেম হোসেন জানান, ব্রিজ না থাকায় সাঁকো পার হতে প্রায়ই ১০/১৫ মিনিট দাঁড়িয়ে থাকতে হয়। এছাড়া সাঁকো পার হতে গিয়ে অনেকে দুর্ঘটনার শিকারও হচ্ছে। ভুক্তভোগী এলাকাবাসী ঐ স্থানে দ্রুত একটি ব্রিজ নির্মাণ করে তাদের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব করতে কর্তৃপক্ষের নিকট জোর দাবি জানান। এ ব্যাপারে স্থানীয় ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম মোল্লা জানান, খালের ওপর ব্রিজ নির্মাণের জন্য তিনি চেষ্টা চালাচ্ছেন।