অন্ধত্বে হার মানেনি ইব্রাহিম ও বিপ্লব

অন্ধত্ব জীবন চলার পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করলেও মেধাকে আটকাতে পারেনি দৃষ্টি প্রতিবন্ধী ইব্রাহিম ও বিপ্লবকে। জীবনে এক মুহূর্তের জন্যও পৃথিবীর আলো দেখতে পারেনি তারা। এবার দু’জনই সাপ্টিবাড়ি ডিগ্রী কলেজের মানবিক বিভাগ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ গ্রহণ করছে। গতকাল বৃহস্পতিবার এইচএসসি পরীক্ষার প্রথমদিনে তারা দু’জনই আদিতমারী কান্তেশ্বর বর্মন বালিকা বিদ্যালয় ও কলেজের অফিস কক্ষে বসে পরীক্ষায় অংশ গ্রহণ করে। আর তাদেরকে সহযোগিতা করার জন্য রয়েছেন দু’জন সহযোগী (রাইটার)। তাদের সাহায্যেই চলছে এইচএসসি পরীক্ষা। পরীক্ষা শুরুর পর পরই কেন্দ্রে গিয়ে তাদের সাথে কথা বলে জানা গেছে, ইব্রাহিমের বাবা মহসিন আলী একজন কৃষক। তার বাড়ি সদর উপজেলার খুনিয়াগাছ ইউনিয়নে। এদিকে বিপ্লব মিয়ার বাবা আজাহার আলী একজন দিনমজুর। বাড়ি উপজেলার সাপ্টিবাড়ি ইউনিয়নে। সে জানায়- জন্মের ২ বছরের মধ্যে টাইফয়েড জ্বরে আক্রান্ত হয়ে দৃষ্টিশক্তি হারিয়ে ফেলে। সাপ্টিবাড়ি সমন্বিত দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষা কার্যক্রমের প্রধান শিক্ষক এরশাদ আলী বলেন, ইব্রাহিম ও বিপ্লব এরা দুজনই কঠোর পরিশ্রমী ও মেধাবী। তারা এসএসসির পর এইচএসসিতেও ভাল ফলাফল করবেন বলে তিনি আশাবাদী।