পাঁচ স্থানে অগ্নিকাণ্ড
প্রকাশ : ০৪ এপ্রিল ২০১৪, ২১:১৮
কয়েকস্থানে পৃথক অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষতি হয়েছে। —খবর আমাদের প্রতিনিধি ও সংবাদদাতাদের।
চাটমোহর (পাবনা)
চাটমোহর উপজেলার হরিপুর ইউনিয়নের টলটলিপাড়া গ্রামে বৃহস্পতিবার রাতে অগ্নিকাণ্ডে ২টি বাড়ির ৬টি ঘর ভস্মিভূত হয়েছে। অগ্নিদগ্ধ হয়েছে এক গৃহবধূ। আগুনে নগদ টাকা, পেঁয়াজ, রসুন, চৈতালী ফসল, আসবাবপত্রসহ প্রায় ৬ লাখ টাকার ক্ষতি হয়েছে। ওই গ্রামের সামসুল ফকিরের গোয়াল ঘর থেকে আগুনের সূত্রপাত। এতে সামসুল ফকির ও শহিদুল ইসলামের বাড়ির ৬টি ঘর পুড়ে যায়। ঘরের মধ্যে আগুন নেভাতে গিয়ে সামসুল ফকিরের স্ত্রী রুবিয়া খাতুন (৩৮) অগ্নিদগ্ধ হয়। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
কমলনগর (লক্ষ্মীপুর)
লক্ষ্মীপুরের কমলনগরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ০৭টি ব্যবসা প্রতিষ্ঠান মালামালসহ সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। বৃহস্পতিবার রাতে উপজেলা সদর হাজিরহাট বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে নগদ অর্থ, দোকানঘর ও মালামালসহ প্রায় কোটি টাকার সম্পদ পুড়ে ছাই হয়েছে।
ফায়ার সার্ভিস ও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী সূত্রে জানা যায়, রাতে বাজারের ১টি কনফেকশনারী থেকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে রামগতি ফায়ার সার্ভিস এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
দিনাজপুর
দিনাজপুরে ওয়ার্ড আওয়ামী লীগের অফিস আগুন দিয়ে ভস্মিভূত করেছে দুষ্কৃতকারীরা। বুধবার রাতে দিনাজপুর সদর উপজেলার ১নং ইউনিয়নের ৪নং ওয়ার্ডের উত্তর গোসাইপুরের আওয়ামী লীগ অফিসে একদল দুষ্কুতকারী আগুন ধরিয়ে দিলে জাতির জনক বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি, আসবাবপত্র, টিভি, আলমারিসহ অন্য মালামাল আগুনে পুড়ে ছাই হয়ে যায়। তবে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ আলী ও সাধারণ সম্পাদক মোঃ ফিরোজ অভিযোগ করেন, একই এলাকার যুবদলের কতিপয় কর্মী গভীর রাতে পিকনিক খেয়ে বাড়ি ফেরার সময় আওয়ামী লীগ অফিসে অগ্নিসংযোগ করে। বৃহস্পতিবার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
মিঠাপুকুর (রংপুর)
মিঠাপুকুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতবাড়ি পুড়ে প্রায় ১২ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ছাই হয়েছে। গতকাল শুক্রবার উপজেলার রানীপুকুর ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। এতে অগ্নিদগ্ধ হয়ে শিশুসহ আহত হয়েছেন ১০ জন। এর মধ্যে ২ জনের অবস্থা আশংকাজনক।
ফুলবাড়ি (দিনাজপুর)
দিনাজপুরের ফুলবাড়ি উপজেলার মাদিলাহাট বাজারে বৃহস্পতিবার রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩টি ব্যবসা প্রতিষ্ঠান ভস্মিভূত হয়েছে। এতে অন্তত ১০ লাখ টাকার মালামালসহ ব্যবসা প্রতিষ্ঠানের অবকাঠামোর ক্ষয়ক্ষতি হয়েছে। ঘন্টাব্যাপী চেষ্টা করে ফুলবাড়ি দমকল বাহিনীর সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনে।