পৃথক ঘটনায় নিহত-১২
প্রকাশ : ০৪ এপ্রিল ২০১৪, ২১:১৮
দেশের বিভিন্নস্থানে পৃথক ঘটনায় ১২ জন নিহত হয়েছে। খবর আমাদের প্রতিনিধি ও সংবাদদাতাদের।
বড়াইগ্রাম (নাটোর)
নাটোরের বড়াইগ্রাম উপজেলার হারোয়া কারিগরপাড়ায় কেরোসিনের বাতি থেকে লাগা আগুনে দগ্ধ হয়ে ফতেজান বেওয়া (৬৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার এ ঘটনা ঘটে। নিহত ফতেজান হারোয়া গ্রামের মৃত ফয়েজউদ্দিন কারিগরে স্ত্রী।
নাঙ্গলকোট (কুমিল্লা)
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার মৌকরা ইউপির মোড্ডা গ্রামে বড়ভাই আবুল কালামের কিল-ঘুষিতে ছোটভাই আবুল খায়ের (৫৫) খুন হবার ঘটনা ঘটেছে। বুধবার মোড্ডা গ্রামে ঘটনাটি ঘটেছে।
পাবনা
পাবনা সদর উপজেলার ভাড়ারা ইউনিয়নের পীরপুর গ্রামে এলাকার আধিপত্য বিস্তার স্থানীয় আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে আমজাদ আলী মোল্লা (৫০) নামের এক ব্যক্তি নিহত হয়েছে। বুধবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছে আরও ১০ জন। নিহত আমজাদ পীরপুর গ্রামের বাসিন্দা।
কাউখালী (পিরোজপুর)
পিরোজপুরের কাউখালী উপজেলার বাশুরি গ্রামে জালাল হাওলাদার (৪৫) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার ওই ব্যক্তির বাড়ির পিছনের একটি গাছের সাথে গলায় দড়ি লাগানো তার ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। জালাল ওই এলাকার মৃত মোজাহার আলী হাওলাদারের ছেলে।
দিনাজপুর
গত বৃহস্পতিবার বোচাগঞ্জ উপজেলার বর্থপুর গ্রামের বর্ধন হরেনের কন্যা তাপসি রায় (১৪) পারিবারিক কারণে নিজ শয়নকক্ষের বরগার সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। একই উপজেলার কৃষ্টপুর গ্রামের আব্দুল হকের পুত্র মানসিক রোগী আশরাফুল হক (২৫) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
বেনাপোল (যশোর)
শার্শা উপজেলার বাগআঁচড়ার নায়ড়া গ্রামে বুধবার রাতে রুহুল কুদ্দুস(১৮) নামে এক কলেজ ছাত্র বিষপানে আত্মহত্যা করেছে। প্রেমঘটিত কারণেই এ আত্মহত্যা বলে জানিয়েছেন রুহুলের পরিবার। নিহত রুহুল কুদ্দুস নায়ড়া গ্রামের জামালউদ্দীনের পুত্র।
রাজবাড়ী
নগদ তিন লাখ টাকা দেয়ার পরও স্বাস্থ্য সহকারী পদে চাকরি না হওয়ায় গত বুধবার রাতে আব্দুর রাজ্জাক রাজু নামক এক যুবক আত্মহত্যা করেছে। তার পিতার নাম মৃত রমজান আলী সরদার। বাড়ি রাজবাড়ী জেলা সদরের মিজানপুর ইউনিয়নের চর নারায়ণপুর গ্রামে।
উলিপুর (কুড়িগ্রাম)
কুড়িগ্রামের উলিপুরে এক গৃহবধূ গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার উপজেলার থেতরাই ইউনিয়নের কিশোরপুর বাড়াইপাড়া গ্রামে। ঐ গ্রামের হাবিবুর রহমানের স্ত্রী গোলেনুর বেগম(২০) শয়নঘরের ভিতর গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে।
মহম্মদপুর (মাগুরা)
মাগুরা মহম্মদপুরের নহাটার ফুলবাড়ি গ্রামে বৈদ্যুতিক মোটরের সংস্পর্শে সৈয়দ রাব্বি (১৭) নামের এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার নির্মীয়মাণ বাড়িতে পানি দেয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। সে পার্শ্ববর্তী নারানদিয়া গ্রামের সৈয়দ ওমর আলীর ছেলে। ফুলবাড়ি গ্রামের রুহোল আমিনের বাড়িতে গৃহ নির্মাণের কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে।
পূর্বধলা (নেত্রকোনা)
নেত্রকোনা পূর্বধলায় পূর্বশত্রুতার জের ধরে মোহন মিয়া (৩০) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে কতিপয় সন্ত্রাসীরা। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে উপজেলার গোহালাকান্দা ইউনিয়নের মহিষবেড় গ্রামে।
পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মুশফিকুর রহমান জানান, নিহত মোহন মিয়ার হত্যাকারী আজিজুল একাধিক হত্যা ও ছিনতাই মামলার আসামি।
দোহার-নবাবগঞ্জ (ঢাকা)
ঢাকার নবাবগঞ্জ উপজেলার গোবিন্দপুর গ্রামের একটি বাগান থেকে গতকাল শুক্রবার অজ্ঞাতনামা (১৮) পরিচয়ে এক যুবকের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার উপজেলার যন্ত্রাইল ইউনিয়নে গাজীপুর গ্রামে বাগানে লাশ পড়ে থাকতে দেখে পরে তারা স্থানীয় নবাবগঞ্জ থানায় খবর দেয়। খবর পেয়ে থানা পুলিশ লাশ উদ্ধার করে । এসময় লাশের পরনে ছিলো কালো রঙের ফুলপ্যান্ট এবং লাল-কালো চেকের একটি হাফ শার্ট।