চেয়ারম্যান হত্যাকারীর ফাঁসি দাবি
গজারিয়ায় সড়ক
অবরোধে দীর্ঘ
যানজট
প্রকাশ : ০৪ এপ্রিল ২০১৪, ২১:৪১
শুক্রবার বেলা ১১ থেকে দেড় ঘন্টা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়ার বালুয়াকান্দিতে অবরোধ করে রাখে জনতা। গজারিয়ায় নির্বাচনী সহিংসতায় নিহত চেয়ারম্যানের হত্যাকারী হিসাবে প্রতিদ্বন্দ্বী প্রার্থী রেফায়েত উল্লাহ খান তোতাকে দায়ী করে তার ফাঁসির দাবিতে এবং ওসি ও এসপির বিচারের দাবিতে এই অবরোধ করা হয়। পরে প্রশাসনের হস্তক্ষেপে সাড়ে ১২টার দিকে অবরোধ তুলে নেয়া হয়।
গত ২৩ মার্চ উপজেলা নির্বাচনে রক্তক্ষয়ী সহিংসতায় ছামছুদ্দিন প্রধানসহ তিনজন নিহত এবং ব্যাপক সহিংস ঘটনার জন্য পুলিশ সুপার হাবিবুর রহমান ও গজারিয়া থানার তত্কালীন ওসি মামুনুর রশীদকে দায়ী করে অবরোধকারীরা। ঘটনার মূল হোতা হিসাবে চিহ্নিত করে চেয়ারম্যান প্রার্থী রেফায়েত উল্লাহ খান তোতাসহ এর সাথে জড়িত সকলের ফাঁসির দাবিতে নানা স্লোগান দেয় তারা। দীর্ঘ সময় মহাসড়কে যান চলাচল বন্ধ থাকায় কয়েক কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।