মতলবে সোলেমান লেংটার মেলায় লাখো মানুষ

গত সোমবার চাঁদপুরের মতলব উত্তর উপজেলার বদরপুর (বেলতলী) গ্রামে ঐতিহ্যবাহী শাহ্ সূফী সোলেমান লেংটার মাজারে ৭ দিনব্যাপী ওরশ শুরু হয়েছে। এই ওরশ মূলত সাধারণ মানুষের কাছে সোলেমান লেংটার মেলা নামেই পরিচিত। বিগত বছরের আলোকে এ বছর ৭ দিনের এই লেংটার মেলার প্রথম দিনেই কয়েক লক্ষাধিক লোকের সমাগম হয়। বিস্তীর্ণ অঞ্চলজুড়ে এই মেলায় হরেক রকম সামগ্রির দোকানের পাশাপাশি প্রকাশ্যে গাঁজাসহ বিভিন্ন মাদকদ্রব্য বিক্রি ও সেবনের দৃশ্য লক্ষ্য করা গেছে। শাহ্ সূফী সোলেমান লেংটা উপমহাদেশের একজন খ্যাতিমান আউলিয়া হিসাবে পরিচিত। তিনি কুমিল্লার মেঘনা উপজেলার আলীপুর গ্রামে জন্মগ্রহণ করেন। জীবনের অধিকাংশ সময়ই তিনি কাটিয়েছেন মতলবের বিভিন্ন অঞ্চলে। সোলেমান লেংটা কখনও পোশাক পরিধান করতেন না। তাই তার মাজারটি লেংটার মাজার হিসাবেই পরিচিত। ১৩২৫ বাংলা সালের ১৭ চৈত্র শাহ্ সূফী সোলেমান লেংটা তার বোনের বাড়ি বদরপুর গ্রামে মৃত্যুবরণ করলে সেখানে তাকে কবর দেয়া হয়, যা পরবর্তীতে তা মাজারে পরিণত হয়। প্রতি বছর চৈত্র মাসের ১৭ তারিখে তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে ৭ দিনব্যাপী ওরশ অনুষ্ঠিত হয়ে থাকে।