জিয়াউর রহমান কখনও নিজেকে প্রথম রাষ্ট্রপতি দাবি করেননি :যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ
বিশেষ প্রতিনিধি, যুক্তরাষ্ট্র
প্রকাশ : ০৪ এপ্রিল ২০১৪, ২২:৩৮
যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান বলেছেন, জিয়াউর রহমান তার জীবদ্দশায় নিজেকে প্রথম রাষ্ট্রপতি দূরের কথা, স্বাধীনতার ঘোষকও দাবি করেননি। জিয়াউর রহমান ক্ষমতায় থাকতে হাসান হাফিজুর রহমানকে দিয়ে মুক্তিযুদ্ধের ইতিহাস লিখিয়েছেন। সেখানে কখনো তাকে স্বাধীনতার ঘোষক উল্লেখ করা হয়নি। তিনি বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে বলেন, অথচ খালেদা জিয়া ও তারেক রহমান নির্লজ্জ মিথ্যাচারের মাধ্যমে ইতিহাস বিকৃত করছেন। এটা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র উল্লেখ করে তিনি বলেন, বর্তমান সরকার পাঁচ বছরের জন্য ক্ষমতায় এসেছে। কোনো চক্রান্তই কাজে আসবে না।
নিউইয়র্কের জ্যাকসন হাইটসের পালকি পার্টি সেন্টারে অনুষ্ঠানে লিখিত বক্তব্য পড়ে শোনান দপ্তর সম্পাদক মোহাম্মদ আলী সিদ্দিকী। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন সভাপতি ড. সিদ্দিকুর রহমান ও সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান সাজ্জাদ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহ-সভাপতি নজমুল ইসলাম, আবুল কাশেম, সামছুদ্দিন আজাদ, যুগ্ম সম্পাদক আব্দুস সামাদ আজাদ, সাংগঠনিক সম্পাদক চন্দন দত্ত, আশরাফুজ্জামান, হাজী মনিরুল ইসলাম, মুজাহিদুল ইসলাম, সোলায়মান আলী, শিরিন আক্তার দীবা প্রমুখ।