কাপাসিয়ায় কালভার্ট ধসের ঘটনায় থানায় মামলা

উপজেলার বরুণ এলাকায় একটি পুরোনো কালভার্ট পুনঃনির্মাণ করতে গিয়ে তা ভাঙ্গার সময় সেটি ধসে চার নির্মাণ শ্রমিক নিহত হওয়ার ঘটনায় সংশ্লিষ্ট ঠিকাদারের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে। গতকাল শুক্রবার সকালে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আরটিআইপি প্রকল্পের পরিচালক মোস্তফা কামাল ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময় তিনি আহত শ্রমিকদের চিকিত্সার খোঁজ-খবর নেন। এ ব্যাপারে গাজীপুরের নির্বাহী প্রকৌশলীকে একটি প্রতিবেদন দাখিলের নির্দেশ প্রদান করেন। কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ জানান, এ ব্যাপারে দায়িত্বে অবহেলার কারণে তিনজনকে আসামি করে হতাহতের অভিযোগে আহত শ্রমিক মোফাজ্জল হোসেন বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। গাজীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ মহসিন জানান, এ ঘটনায় স্থানীয় প্রশাসনের মধ্যস্থতায় নিহত প্রত্যেকের পরিবারকে আড়াই লাখ টাকা এবং আহতদের চিকিত্সার সব ব্যয়ভার সংশ্লিষ্ট ঠিকাদার বহন করবে বলে সিদ্ধান্ত হয়েছে। ইতিমধ্যে এক লাখ টাকা পরিশোধ করা হয়েছে। বাকী ৯ লাখ টাকা আগামী ১০ এপ্রিল জেলা প্রশাসনের মাধ্যমে সংশ্লিষ্টদের প্রদান করা হবে। বিষয়টি সম্পর্কে স্থানীয় সংসদ সদস্য সিমিন হোসেন রিমি অবগত আছেন।