সিলেটে অবরোধকারীদের সঙ্গে সংঘর্ষে ৬ পুলিশসহ আহত ১০

জেলার দক্ষিণ সুরমা উপজেলায় গতকাল শুক্রবার সড়ক অবরোধকারীদের সাথে পুলিশের ঘন্টাব্যাপী সংঘর্ষে ৬ পুলিশ সদস্যসহ কমপক্ষে ১০ জন আহত হয়েছে। এ সময় পুলিশ সাউন্ড গ্রেনেড, গুলি ও টিয়ারসেল নিক্ষেপ করে। উদ্ভূত পরিস্থিতিতে সিলেট-ঢাকা সড়ক তিন ঘন্টা বন্ধ ছিল। এসময় উভয় পাশে শতাধিক গাড়ি আটকা পড়ে। স্থানীয় সূত্রে জানা যায়, পূর্ব শত্রুতার জের ধরে লালাবাজার এলাকায় এক সিএনজি অটোরিক্সার চালক শফিক মিয়ার উপর প্রতিপক্ষের হামলার ঘটনায় গতকাল সকাল থেকে লালাবাজারে সিলেট-ঢাকা মহাসড়ক অবরোধের ডাক দেয় পরিবহন শ্রমিকরা। দুপুরের পর পরিবহন শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষে ১০ জন আহত হয়। দক্ষিণ সুরমা থানার ওসি জানান, পুলিশের সাথে সংঘর্ষের পর সংশ্লিষ্টরা অবরোধ প্রত্যাহার করে নেয়।