বিচার বিভাগীয় ক্ষমতার মূল উত্স জনগণের আস্থা ও বিশ্বাস

প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেন বলেছেন, বিচার বিভাগীয় ক্ষমতার মূল উত্স জনগণের আস্থা ও বিশ্বাস। বিচার বিভাগের বিচারিক কর্তৃত্বের উত্স অবশ্যই রাষ্ট্রীয় সংবিধান ও আইন। নৈতিক ও আদর্শিক শক্তির মাধ্যমে বিচার বিভাগ কর্তৃত্ব প্রয়োগ করে। বৃহস্পতিবার রাতে ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতি প্রাঙ্গণে আইনপেশায় ৫০ বছর ঊর্ধ্ব ৭ সিনিয়র আইনজীবীর সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে তিনি এ কথা বলেন। ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট কবির উদ্দিন ভুঁইয়ার সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী অ্যাডভোকেট প্রমোদ মানকিন, অ্যাডভোকেট মোসলেম উদ্দিন এমপি, জেলা ও দায়রা জজ মুহাম্মদ নূরুল হুদা, অ্যাডভোকেট এএইচএম খালেকুজ্জামান প্রমুখ বক্তব্য রাখেন। প্রধান বিচারপতি আরো বলেন, আমাদের আদালতগুলোতে ২৭ লাখ মোকদ্দমা বিচারের অপেক্ষায় রয়েছে। মামলার দীর্ঘসূত্রতা মোকদ্দমার ব্যয় যেমন বাড়িয়ে দেয়, তেমনি সাক্ষ্য-প্রমাণাদি নষ্ট করে ন্যায় বিচারকে ব্যাহত করে। সংবর্ধিত ৭ সিনিয়র আইনজীবী হলেন অ্যাডভোকেট এম জুবেদ আলী, অ্যাডভোকেট ছফির উদ্দিন আহাম্মদ, অ্যাডভোকেট জহিরুল হক, অ্যাডভোকেট আনিসুর রহমান খান, অ্যাডভোকেট আসফ আলী আসকারী, অ্যাডভোকেট এএফএম নজমুল হুদা ও অ্যাডভোকেট ফিরোজ উদ্দিন আহমেদ।