রোড শো-তে গিয়ে চড় খেলেন কেজরিওয়াল
প্রকাশ : ০৪ এপ্রিল ২০১৪, ২২:৫৮
ভারতের আসন্ন লোকসভা নির্বাচন উপলক্ষ্যে রোড শো চলাকালীন আম আদমি পার্টির (আপ) নেতা অরবিন্দ কেজরিওয়ালকে কষে চড় ও ঘুষি মারলেন অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি! দক্ষিণ দিল্লির দক্ষিণপুরি অঞ্চলে আপ-এর রোড শো চলাকালীন ওই ব্যক্তিদ্ধ হঠাত্ করে কেজরিওয়ালের জিপে উঠে পড়েন। কিছু বোঝার আগেই কেজরিওয়ালকে লক্ষ্য করে এলোপাথাড়ি চড়-ঘুষি চালাতে থাকেন। কেজরিওয়াল কিছুটা ঘাবড়ে গেলেও পরক্ষণে সামলে নেন নিজেকে। তবে আম আদমির সমর্থকরা ওই ব্যক্তিকে সাথে সাথে ধরে ফেলে গণপিটুনি দেন। পরে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। খবর জি নিউজের।
সূত্র জানায়, এই রোড শোতে তাকে কালো পতাকাও দেখানো হয়। তবে এই ঘটনার পর সমর্থকদের শান্ত থাকার অনুরোধ করেন কেজরিওয়াল। কেজরিওয়াল বলেন ‘ওদের আক্রমণ করতে দিন। আমরা প্রতি-আক্রমণে যাব না। ওরা আমাদের প্রাণও নিতে পারে।’ নাম না করে বিজেপির প্রধানমন্ত্রী পদ প্রার্থীর উদ্দেশ্যে তিনি বলেন কেউ কেউ প্রধানমন্ত্রী হওয়ার জন্য যা খুশি তাই করতে পারে। উল্লেখ্য, কিছুদিন আগে হরিয়াণাতে নির্বাচনী প্রচারের সময় একই ধরনের হামলার সম্মুখীন হয়েছিলেন দিল্লির সাবেক এই মুখ্যমন্ত্রী।