একক সংখ্যাগরিষ্ঠতা পেয়েই কেন্দ্রে সরকার গড়বেন মোদী
প্রকাশ : ০৪ এপ্রিল ২০১৪, ২২:৫৯
ভারতের লোকসভা নির্বাচন নিয়ে বিভিন্ন প্রতিষ্ঠান জরিপ পরিচালনা করছে। সর্বশেষ জি নিউজ ও তালিম রিসার্চ সেন্টার যৌথ জরিপে জানিয়েছে, একক সংখ্যা গরিষ্ঠতা নিয়ে কেন্দ্রে আসতে যাচ্ছে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সরকার। আর সেই সরকারের প্রধানমন্ত্রী পদে আসীন হচ্ছেন নরেন্দ্র মোদী। জি নিউজ ও তালিম রিসার্চ সেন্টারের যৌথ সমীক্ষার দ্বিতীয় ধাপে উঠে এল এই তথ্য। খবর জি নিউজের।
এই সমীক্ষা অনুযায়ী, দেশের ৩৫ দশমিক ৭ শতাংশ ভোটার বিজেপির বাক্সে ভোট দিতে ইচ্ছুক। ১৯ দশমিক ৯ শতাংশ ভোটার জানিয়েছেন তারা কংগ্রেসকে ভোট দেবেন। এই তালিকায় তিন নম্বরে রয়েছে বিএসপি। দেশের সাড়ে তিন শতাংশ ভোটার ক্ষমতায় মায়াবতীর দলকে দেখতে চান। আম আদমি পার্টির পক্ষে রায় দিয়েছেন ২ দশমিক ৯ শতাংশ ভোটার। তৃণমূল কংগ্রেস ও সমাজবাদী পার্টির মত আঞ্চলিক দলগুলির স্বপক্ষেও মত দিয়েছেন ভোটাররা (উভয় ক্ষেত্রেই ২ দশমিক ১ শতাংশ)।
গুজরাটের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান দেশের ৪৫ দশমিক ৭ শতাংশ মানুষ। ২১ দশমিক ৩ শতাংশ ভোটার মত দিয়েছেন কংগ্রেসের সহ-সভাপতি রাহুল গান্ধীর পক্ষে। ভোটারদের পছন্দের ভিত্তিতে তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছেন যথাক্রমে অরবিন্দ কেজরিওয়াল (৪ শতাংশ) ও মায়াবতী (৩ দশমিক ৭ শতাংশ)।
এই সমীক্ষা অনুযায়ী, আসন্ন লোকসভা নির্বাচনে ২১৫ থেকে ২২৫টি আসন থাকবে বিজেপির দখলে। যেখানে কংগ্রেসের মাত্র ১২১ থেকে ১৩২টি আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে।
জরিপ অনুসারে, এবারের নির্বাচনের মূল ইস্যুগুলি হতে চলেছে ব্রব্যমূল্য বৃদ্ধি (৬৫ দশমিক ৫ শতাংশ), দুর্নীতি (৪৬ শতাংশ) ও বেকারত্ব (৪৫ শতাংশ)। এছাড়া অর্থনৈতিক উন্নতি, রাস্তা, বিদ্যুত্, পানি, নিরাপত্তার অভাবও এবারের নির্বাচনের ফলাফলের উপর প্রভাব ফেলতে পারে। বিস্ময়করভাবে মাত্র ৭ শতাংশ ভোটার সামপ্রদায়িকতাকে এবারের নির্বাচনের একটি ইস্যু বলে মনে করছেন।