বগুড়ায় এবার জেলা যুবদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার সংগঠনের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক কামারুজ্জামান দুলাল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়ে। যুবদলের সদ্য বিলুপ্ত বগুড়া জেলা কমিটির সাধারণ সম্পাদক খাদেমুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে গত ১৬ মে বগুড়া জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদকসহ ছয় নেতাকে বহিষ্কার করা হয়। একই দিন কেন্দ্র থেকে বিএনপি, ছাত্রদল এবং স্বেচ্ছাসেবক দলের আরও আট নেতার পদ-পদবীও স্থগিত করা হয়। গত বছরের আগস্ট মাসে ১৭৮ সদস্য বিশিষ্ট যুবদলের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছিল।
যুবদলের কেন্দ্রীয় কমিটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কর্তব্যে অবহেলা ও নিষ্ক্রিয়তার কারণে যুবদলের কেন্দ্রীয় সভাপতি সাইফুল ইসলাম নীরব এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন যুবদল বগুড়া জেলা কমিটি বিলুপ্ত ঘোষণা করেছেন।
আরও পড়ুন: ৫৪ লাখ টাকার আম বাগান নিলাম হলো ৫৫ হাজার টাকায়
যুবদলের কমিটি বিলুপ্তির কারণ জানতে চাইলে ওই সংগঠনের জেলা কমিটির সাবেক সাধারণ সম্পাদক খাদেমুল ইসলাম খাদেম বলেন, কি কারণে কমিটি বিলুপ্ত করা হয়েছে সেটি আমাদের জানানো হয়নি। যেহেতু কেন্দ্রের নির্দেশ, তাই আমাদের সেটি মানতেই হবে। আশাকরি দ্রুত বগুড়ায় যুবদলের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।
ইত্তেফাক/অনি