গোলাম আযমের মতো ষড়যন্ত্র করছেন তারেক :সাহারা

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাহারা খাতুন বলেছেন, রাজাকার গোলাম আযমের মতো খালেদা জিয়ার ছেলে তারেক রহমান লন্ডনে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। কিন্তু বাংলার মানুষ এই ষড়যন্ত্র কখনও সফল হতে দেবে না। এই কুচক্রি মহল যাতে ক্ষমতায় আসতে না পারে সেজন্য বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। গতকাল শুক্রবার শাহবাগস্থ কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। স্বাধীন বাংলাদেশের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী আব্দুল মান্নানের ৯ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট এ আলোচনা সভার আয়োজন করে। খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেন, দেশ ও জাতির শত্রু হলো বিএনপি। তারা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে প্রশ্নবিদ্ধ করার ষড়যন্ত্রে লিপ্ত। শুধু রাজনৈতিকভাবেই নয়, জাতিগতভাবেও এদের প্রতিরোধ করতে হবে। তিনি বলেন, লাখো কণ্ঠে জাতীয় সংগীত গাওয়ার মাধ্যমে দেশের নাম গিনেস বুকে উঠেছে। সেটি নিয়েও বিএনপি অপপ্রচার শুরু করেছে। বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সহ-সভাপতি সৈয়দ হাসান ইমামের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন কৃষক লীগের সহ-সভাপতি শেখ জাহাঙ্গীর আলম, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোল্লা মোহাম্মদ আবু কাওসার, জোটের সাধারণ সম্পাদক অরুন সরকার রানা প্রমুখ।