চট্টগ্রামে জলাবদ্ধতা নিরসনে সমন্বয়ে যাচ্ছে তিন সংস্থা

৪৯৮ খাল ও নালার তালিকা প্রস্তুত

আজহার মাহমুদ, চট্টগ্রাম অফিস

চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে নেওয়া মেগা প্রকল্পের অগ্রগতি আশানুরূপ না হওয়ায় সামনের বর্ষায় জলাবদ্ধতার শঙ্কায় দুশ্চিন্তায় পড়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক), চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ ও সেনাবাহিনীর সংশ্লিষ্ট বিভাগ। সিডিএ’র আগের চেয়ারম্যান চসিকের সাথে সমন্বয় না করলেও নতুন চেয়ারম্যান আসার পর সামনের বর্ষায় জলাবদ্ধতা থেকে নগরীকে রক্ষা করতে ৪৯৮ খাল ও নালা পরিষ্কারের উদ্যোগ নিচ্ছে সংস্থা তিনটি।

চসিক মেয়র আ জ ম নাছির উদ্দিন ইত্তেফাককে বলেন, ‘চট্টগ্রামের মানুষকে জলাবদ্ধতা থেকে রক্ষা করতে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। এর অংশ হিসেবে জলাবদ্ধতাপ্রবণ এলাকাগুলোর কাউন্সিলরা তাদের নিজ নিজ এলাকার যেসব খাল ও নালার কারণে জলাবদ্ধতা তৈরি হতে পারে সেগুলোর তালিকা তৈরি করেছেন। ইতোমধ্যে সিডিএ ও সিডিএ’র জলাবদ্ধতা নিরসন প্রকল্পের বাস্তবায়নকারী সেনাবাহিনীর সংশ্লিষ্ট বিভাগকে তালিকা দেওয়া হয়েছে। উনারা সেই তালিকা ধরে কাজ করবেন।’

চসিক সূত্রে জানা গেছে, ওয়ার্ড কাউন্সিলররা যে তালিকা তৈরি করেছেন সেই তালিকা অনুযায়ী সবচেয়ে বেশি আবর্জনা ভরাট হয়ে আছে ৪ নম্বর ওয়ার্ড এলাকায়। ওই এলাকার অন্তত ১০১টি নালা ও খালের অংশে আবর্জনা পরিষ্কার করতে হবে। এরপরেই ৭ নম্বর ওয়ার্ডের ৮৬টি নালা ও খালের আবর্জনা পরিষ্কার করতে হবে। ১৫ নম্বর ওয়ার্ডে ৩০টি খালের আবর্জনা পরিষ্কার করতে হবে। এর বাইরে সর্বমোট ২৪টি ওয়ার্ডে ৪৯৮টি নালা ও খাল পরিষ্কার করতে হবে বলে জানিয়েছেন স্ব-স্ব ওয়ার্ড কাউন্সিলররা।

এদিকে, আগামী বর্ষায় নগরবাসীকে জলাবদ্ধতা থেকে রক্ষা করতে শুধু আবর্জনা পরিষ্কার নয়, পুনরায় যাতে আবর্জনা ভরাট না হয় সে জন্য নগরীর ৪১ ওয়ার্ডে সচেতনতা তৈরিতে মতবিনিময় ও র্যালির আয়োজন করেছে প্রকল্প বাস্তবায়নকারী সেনাবাহিনীর ৩৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেড।

জানতে চাইলে সিডিএ’র ‘চট্টগ্রাম শহরের জলাবদ্ধতা নিরসনকল্পে খাল পুনঃখনন, সম্প্রসারণ, সংস্কার ও উন্নয়ন শীর্ষক প্রকল্পের অতিরিক্ত প্রকল্প পরিচালক লে. কর্নেল আবু সাদাত মোহাম্মদ তানভীর ইত্তেফাককে বলেন, ‘কাউন্সিলরা অনেকেই আমাদের তালিকা দিয়েছেন। কিছু এলাকা এখনো বাকী আছে। সবগুলো হাতে আসলে আমরা চূড়ান্ত তালিকা করবো। এরমধ্যে কিছু এলাকায় আমরা কাজ করে যাচ্ছি। এর বাইরে তালিকায় যেগুলো থাকবে সেগুলো বর্ষার আগেই পরিষ্কার করা হবে।’