মার্চে রেমিট্যান্স বেড়েছে
প্রকাশ : ০৫ এপ্রিল ২০১৪, ২০:০২
চলতি বছরের তৃতীয় মাস মার্চে ১২৭ কোটি মার্কিন ডলারের রেমিট্যান্স দেশে পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। যা এর আগের মাসে ছিল ১১৬ কোটি ডলার। সে হিসেবে আগের মাসের তুলনায় রেমিট্যান্স বেড়েছে প্রায় ১১ কোটি ডলার। বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে।
বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে দেখা গেছে, ২০১৩-১৪ অর্থবছরের প্রথম নয় মাসে (জুলাই-মার্চ) এক হাজার ৪৭ কোটি ৯৪ লাখ ডলারের রেমিট্যান্স এসেছে। যা আগের অর্থবছরের একই সময়ে ছিল এক হাজার ১১২ কোটি আট লাখ ডলার। সে হিসেবে গত অর্থ বছরের একই সময়ের তুলনায় রেমিট্যান্স কমেছে প্রায় ৬৫ কোটি ডলার।
ধারাবাহিকভাবে রেমিট্যান্স কমে যাওয়ার বিষয়ে বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তা জানান, সম্প্রতি মধ্যপ্রাচ্যের দেশগুলোতে জনশক্তি রফতানি কমে যাওয়া, সে দেশগুলোতে বিদ্যমান রাজনৈতিক অস্থিরতা, বেসরকারি পর্যায়ে জনশক্তি রফতানিতে অনীহা, সর্বোপরি সরকারের কূটনৈতিক দুর্বলতায় রেমিট্যান্স প্রবাহ নেতিবাচক ধারায় রয়েছে। এছাড়া বেশ কিছুদিন ধরে ডলারের বিপরীতে টাকা শক্তিশালী হওয়ায় প্রবাসীরা এখন আর আগের মতো অর্থ দেশে পাঠাতে আগ্রহী হচ্ছে না।
প্রতিবেদনে দেখা যায়, মার্চে রাষ্ট্রীয় মালিকানার বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে রেমিট্যান্স এসেছে ৩৯ কোটি ৮০ লাখ ডলার, বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে এসেছে এক কোটি ৫৫ লাখ ডলার, বেসরকারি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৮৪ কোটি ছয় লাখ মার্কিন ডলার এবং বিদেশি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে এক কোটি ৯০ লাখ ডলার।