কৃষিপণ্য প্রক্রিয়াকরণ শিল্পে ঋণ বিতরণ বাড়ানোর তাগিদ

দেশে কার্যরত সকল ব্যাংক ও নন ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানকে কৃষিজাতপণ্য প্রক্রিয়াকরণ শিল্পে এসএমই ঋণ বিতরণের তাগিদ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। সম্প্রতি বাংলাদেশ ব্যাংকে অনুষ্ঠিত এক বৈঠকে সকল ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের প্রধানদের প্রতি এ আহ্বান জানানো হয়। সভায় বক্তারা বলেন, সামগ্রিকভাবে দেশের অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত করতে কৃষিজাত পণ্য প্রক্রিয়াকরণ শিল্পের উন্নয়ন জরুরি। এছাড়া কৃষকদের উত্পাদিত পণ্যের ন্যায্য মূল্য না পাওয়ার অন্যতম কারণ তাদের পণ্যে মূল্য সংযোজন হচ্ছে না। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক নির্মল চন্দ ভক্ত এর সভাপতিত্বে সভায় এসএমই কনসালটেন্ট সুকোমল সিংহ চৌধুরী, এসএমই এন্ড স্পেশাল প্রোগ্রামস বিভাগের ভারপ্রাপ্ত মহাব্যবস্থাপক এস এম ফেরদৌস হোসেন, উপ-মহাব্যবস্থাপক মো. আশ্রাফুল আলম ও এসএম মোহসিন হোসেন, বিভিন্ন ব্যাংক ও নন ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানের এসএমই প্রধানরা উপস্থিত ছিলেন। সভায় ‘কৃষিজাত পণ্য প্রক্রিয়াকরণ শিল্পে পুনঃঅর্থায়ন স্কিম’ বিষয়ে একটি উপস্থাপনা প্রদান করা হয়। যেখানে উল্লেখ করা হয়, দেশের সকল বিভাগীয় সদর ও নারায়ণগঞ্জ শহরের বাইরে অবস্থিত কৃষিভিত্তিক শিল্পে অর্থায়নের বিপরীতে এ স্কিমের আওতায় মোট ৩৭টি কৃষিভিত্তিক শিল্প খাতে ১০ শতাংশ সুদ হারে ১০০ ভাগ পুনঃঅর্থায়ন সুবিধা প্রদান করা হয়। বর্তমানে ৪০০ কোটি টাকার ওই ফান্ডে গত মার্চ পর্যন্ত এক হাজার ৮৩০টি কৃষিভিত্তিক শিল্পে ঘূর্ণায়মান পদ্ধতিতে ৪৩৮ কোটি ৩১ লাখ টাকা পুনঃঅর্থায়ন প্রদান করা হয়েছে। এছাড়া মার্চ পর্যন্ত এ ফান্ডের পুনঃঅর্থায়নযোগ্য অর্থের স্থিতির পরিমাণ ১৫৬ কোটি টাকা। বর্তমানে ওই স্কিমের আওতায় ২৮টি ব্যাংক ও ১৭টি নন্-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান চুক্তিবদ্ধ রয়েছে।