মার্কস অলরাউন্ডার প্রতিযোগিতা
ঢাকা ও চট্টগ্রাম জোন ২ এর সিলেকশন রাউন্ড অনুষ্ঠিত
প্রকাশ : ০৫ এপ্রিল ২০১৪, ২১:৩৮
ক্ষুদে বন্ধুদের ব্যাপক অংশগ্রহণের মধ্য দিয়ে এগিয়ে চলেছে স্কুলভিত্তিক প্রতিভা যাচাই প্রতিযোগিতা ‘মার্কস অলরাউন্ডার, ২০১৪’। গত শুক্রবার এ প্রতিযোগিতার ঢাকা জোন ২ এবং চট্টগ্রাম জোন ২ এর সিলেকশন রাউন্ড অনুষ্ঠিত হয়। রাজধানীর বনানী বিদ্যানিকেতন স্কুল এন্ড কলেজে ঢাকা জোনের এবং চট্টগ্রামের সিলভার বেলস বালিকা উচ্চ বিদ্যালয়ে চট্টগ্রাম জোনের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ঢাকা জোনে ২৫০টির অধিক স্কুল থেকে প্রায় ৯ হাজার এবং চট্টগ্রাম জোনে ২০০টির অধিক স্কুল থেকে প্রায় সাড়ে ৬ হাজার প্রতিযোগী অংশ নেয়। উদ্বোধনী অনুষ্ঠানে সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ ছাড়াও প্রতিযোগিতার আয়োজক প্রতিষ্ঠান আবুল খায়ের গ্রুপ এর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিকালে উভয় ভেন্যুর বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। প্রতি ভেন্যু থেকে ১০০ জন করে মোট ২০০ জন প্রতিযোগী পরবর্তী রাউন্ডের জন্য নির্বাচিত হন। বিশিষ্ট নৃত্য পরিচালক অভিনেত্রী লায়লা হাসান ঢাকা জোনে এবং বিশিষ্ট নাট্যশিল্পী মামুনুর রশীদ এবং আবুল খায়ের কনজ্যুমার গুডস ডিভিশনের ব্রান্ড কনসালটেন্ট তাসনিম আলম করিম চট্টগ্রাম জোনে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। আগামী ১১ এপ্রিল অনুষ্ঠিত হবে ঢাকা জোন-৩ ও চট্টগ্রাম জোন-৩ এর সিলেকশন রাউন্ড।