ভাঙ্গায় দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত ২০
ভাঙ্গা (ফরিদপুর) সংবাদদাতা
প্রকাশ : ০৫ এপ্রিল ২০১৪, ২১:৪০
ফরিদপুরের ভাঙ্গায় তুচ্ছ ঘটনা এবং আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে ব্যাপক সংঘর্ষে কমপক্ষে ২০ জন আহত হয়েছে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে জহুরুল মুন্সী (২৭) নামে একজনের অবস্থা আশংকাজনক। জানা যায় গত শুক্রবার রাতে বাইশাখালী গ্রামের মোটর সাইকেল আরোহী সোহেল এবং পূর্ব হাসামদিয়া গ্রামের জনৈক নসিমন চালকের সাথে কথা কাটাকাটি এবং পরে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনার সূত্র ধরে গতকাল শনিবার সকালে উপজেলার বাইশাখালী গ্রাম ও পূর্ব হাসামদিয়া গ্রামের লোকজন সংঘবদ্ধভাবে দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে ব্যাপক সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। এ সময় উভয় গ্রামের অন্তত কমপক্ষে ২০ জন আহত হয়। হামলার ঘটনায় হাসামদিয়া গ্রামের কয়েকটি বাড়ীতে হামলা চালিয়ে বেশকিছু বাড়ী-ঘর ভাংচুর করা হয়। খবর পেয়ে ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোঃ দাদন ফকির সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।