মেহেরপুরে ৫শ’ ৩০ শিক্ষক শিক্ষিকা ৬ মাস বেতন পান না

পরিবার-পরিজন নিয়ে অভাব-অনটনে আর চলতে পারছেন না মেহেরপুরের জাতীয়করণকৃত প্রাথমিক বিদ্যালয়ে ৫শ’ ৩০ জন শিক্ষক-শিক্ষিকা। ৬ মাসের বেতন-ভাতা না পেয়ে তারা মানবেতর জীবনযাপন করছেন। জেলা ও উপজেলা হিসাবরক্ষক অফিসের কর্মকর্তাদের অবহেলায় শিক্ষক-শিক্ষিকাদের বেতন হচ্ছে না বলে শিক্ষকরা জানান। হিসাররক্ষক অফিসের কয়েকজন কর্মকর্ত জানান, সদ্য জাতীয়করণকৃত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বেতন দেয়ার জন্য সরকার সুনির্দিষ্ট নীতিমালা না করায় এ জটিলতার সৃষ্টি হয়েছে। সরকার সুনির্দিষ্ট নীতিমালা করলে বেতন দেয়া হবে। এদিকে শিক্ষকদের বেতন নিয়ে মুজিবনগর উপজেলার হিসাবরক্ষক কর্মকর্তা আরাধন কুমার দাসের সাথে কিছু অপ্রীতিকর ঘটনা ঘটেছে। এ ঘটনায় তিনি শিক্ষকদের বেতন বিল নিয়ে টালবাহানা করছেন এবং জেলার অন্যান্য উপজেলার কর্মকর্মদের ভুল ব্যাখ্যা দিয়ে কালক্ষেপণ করছেন বলে অভিযোগ রয়েছে। শিক্ষকরা জানান, টাকার অভাবে বাজারে নিত্য প্রয়োজনীয় চাল, ডাল, আটা ও শাক-সবজি কিনতে পারছে না। এ ব্যাপারে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এস,এম তৌফিকুজ্জামান জানান, নতুন প্রক্রিয়ায় শিক্ষকদের বেতন দেয়া হবে। এ জন্য একটু দেরি হচ্ছে। এক সপ্তাহের মধ্যে শিক্ষকরা বেতন পাবেন বলে তিনি আশা করেন।