সাতক্ষীরা রেঞ্জে মধু আহরণ শুরু

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জে মধু আহরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সুন্দরবন সংলগ্ন শ্যামনগরের বুড়িগোয়ালিনী ফরেস্ট অফিস চত্বরে মৌয়ালদের উপস্থিতিতে এ কর্মসূচির উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য স.ম জগলুল হায়দার। খুলনা সার্কেলের বন সংরক্ষক কার্তিক চন্দ্রের সভাপতিত্বে বক্তব্য রাখেন সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক কেরামত আলী মল্লিকসহ বিভিন্ন এলাকা থেকে আগত মৌয়ালরা। সংসদ সদস্য স. ম জগলুল হায়দার বনজীবীদের প্রতি মধু আহরণ করার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করার আহবান জানিয়ে বলেন, বৈজ্ঞানিক পদ্ধতিতে মধু আহরণ করবেন। মৌ মাছি মারবেন না। এতে মৌ মাছির বংশবৃদ্ধিতে ব্যাঘাত ঘটবে। এসময় সংসদ সদস্য বনজীবীদের নিরাপত্তা দিতে আইন-শৃঙ্খলা বাহিনীকে আরো সচেষ্ট থাকার আহবান জানান।