নেত্রকোনা প্রতিনিধি ও পূর্বধলা সংবাদদাতা
নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি বলেছেন, সরকার নৌপথের বাণিজ্য সম্প্রসারণের জন্য নদ-নদী খননের প্রকল্প হাতে নিয়েছে। নদীগুলো খনন করা হলে নাব্যতা ফিরে আসবে এবং নদীগুলোতে নৌযান চলাচলে সুবিধা হবে। পণ্য পরিবহনে ব্যাপক উন্নতি হবে।
বৃহস্পতিবার নেত্রকোনার মোহনগঞ্জ হতে শেরপুরের নালিতাবাড়ি পর্যন্ত ১৫৫ কিলোমিটার দীর্ঘ ভোগাই-কংশ নদীর পূর্বধলা উপজেলার জারিয়া/ঝাঞ্জইলে কংস ও ভোগাই নদীর খনন কাজ উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, নেত্রকোনার মোহনগঞ্জ হতে শেরপুরের নালিতাবাড়ি পর্যন্ত ১৫৫ কিলোমিটার নৌপথে এক কোটি ঘনমিটার মাটি খনন করা হবে। এ কাজ শেষ হলে নদীর নাব্যতা ফিরে আসবে। দেশের অর্থনীতি চাঙ্গার সঙ্গে সঙ্গে এলাকার অর্থনীতিও চাঙ্গা হবে।
পূর্বধলার জারিয়া বাজারে বিআইডব্লিউটিএর চেয়ারম্যান কমডোর এম মাহবুব উল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য ও পূর্বধলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ওয়ারেসাত হোসেন বেলাল বীর প্রতীক, দুর্গাপুর-কলমাকান্দার আসনের এমপি মানু মজুমদার এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন।