গণজাগরণ মঞ্চে হামলা
‘প্রমাণ দিতে পারলে ক্ষমা চাইবে ছাত্রলীগ’
প্রকাশ : ০৫ এপ্রিল ২০১৪, ২২:২৮
গণজাগরণ মঞ্চের নেতা-কর্মীদের উপর হামলার ঘটনায় ছাত্রলীগের কেউ জড়িত নেই বলে দাবি করেছে ছাত্রলীগ। একইসাথে হামলায় জড়িত থাকার প্রমাণ দিতে পারলে ছাত্রলীগ জাতির কাছে ক্ষমা চাইবে বলে ঘোষণা দিয়েছেন সংগঠনটির সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ। অন্যদিকে গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার বলেছেন, হামলার জন্য আমরা ছাত্রলীগ বা যুবলীগের গোটা সংগঠনকে দায়ী করিনি। হামলায় যুবলীগের এবং ছাত্রলীগের দুই জন নেতা নেতৃত্ব দিয়েছেন। তাদের শাস্তি দাবি করছি।
গতকাল শনিবার রাজধানীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সাংবাদিক সম্মেলনে ছাত্রলীগ এবং পরীবাগে পৃথক সাংবাদিক সম্মেলনে গণজাগরণ মঞ্চ নিজেদের পক্ষে এ দাবি করে।
গত বৃহস্পতিবার রাতে শাহবাগে গণজাগরণ মঞ্চের কয়েকজন কর্মীর উপর হামলা হয়। পরদিন শুক্রবার এর প্রতিবাদে ডাকা মঞ্চের সমাবেশ পুলিশের বাধায় অনুষ্ঠিত হয়নি। একই সময়ে ডাকা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সমাবেশও পুলিশি বাধায় অনুষ্ঠিত হতে পারেনি। বৃহস্পতিবারের ঘটনায় পরস্পরকে দায়ী করে থানায় দুইটি মামলা দায়ের করা হয়। আটক করা হয় ১০ জনকে। পরে আটজনকে ছেড়ে দেয়া হলেও দুই জনকে গতকাল আদালতে প্রেরণ করা হয়।
এদিকে গতকাল দুপুরে মধুর ক্যান্টিনে এক সাংবাদিক সম্মেলনে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সদস্য সচিব আল মামুন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মেহেদী হাসানের নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন।