বসুন্ধরা খাতা গল্প লেখা প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
প্রকাশ : ০৫ এপ্রিল ২০১৪, ২২:৩০
রাজধানীর পান্থপথে বসুন্ধরা সিটি মার্কেটের ক্যাপ্রিকন ওয়ার্ল্ডে গত শুক্রবার ‘বসুন্ধরা খাতা গল্প লেখা প্রতিযোগিতা ২০১৩’-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্লে গ্রুপ থেকে উচ্চ মাধ্যমিক পর্যন্ত পাঁচটি গ্রুপে বিভক্ত এ প্রতিযোগিতায় গল্প লেখার বিষয়বস্তু ছিল ‘মুক্তিযুদ্ধ’। বসুন্ধরার এ আয়োজনে সাড়া দিয়ে গত বছর দেশের বিভিন্ন স্থান থেকে গল্প পাঠায় হাজার হাজার প্রতিযোগী। এর মধ্যে প্রতিটি গ্রুপ থেকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান ছাড়াও ২৫ জনকে দেয়া হয় বিশেষ পুরস্কার। প্রথম পুরস্কার হিসাবে ৫০ হাজার টাকা, দ্বিতীয় পুরস্কার ৩০ হাজার টাকা, তৃতীয় পুরস্কার ২০ হাজার টাকা এবং প্রতিটি বিশেষ পুরস্কার হিসাবে পাঁচ হাজার টাকার প্রাইজবন্ড দেয়া হয়। এছাড়া বিজয়ীর জন্য ছিল ক্রেস্ট, সনদপত্র ও বসুন্ধরার খাতা।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক। বিশেষ অতিথি ছিলেন বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান, ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তাসলিমা বেগম এবং কালের কণ্ঠ সম্পাদক ও প্রতিযোগিতার প্রধান বিচারক ইমদাদুল হক মিলন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যানের সিনিয়র উপদেষ্টা (টেকনিক্যাল) টিআইএম লতিফুল হুসাইন, বসুন্ধরা গ্রুপের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, উপদেষ্টা (প্রেস অ্যান্ড মিডিয়া) মোহাম্মদ আবু তৈয়ব প্রমুখ।