সায়াদের খুনিদের শাস্তি আদায়ে ভিসি, শিক্ষক শিক্ষার্থীদের শপথ
প্রকাশ : ০৫ এপ্রিল ২০১৪, ২২:৫০
মেধাবী ছাত্র সায়াদ ইবনে মমতাজের খুনিদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ভিসি, শিক্ষক ও শিক্ষার্থীরা গতকাল শনিবার শপথ বাক্য পাঠ করেছেন। হত্যাকারীদের ছাত্রত্ব বাতিলের দাবিতে সাধারণ শিক্ষার্থীরা গতকালও বিক্ষোভ-মিছিল ও মোমবাতি প্রজ্জ্বলন কর্মসূচি পালন করেছে। অন্যদিকে সায়াদ হত্যার বিচার চেয়ে ছাত্রলীগের নেতাকর্মীরা ‘সংগ্রামী সাধারণ ছাত্র জনতা’ এর ব্যানারে ক্যাম্পাসে মানববন্ধন করেছে।
সায়াদ হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও তাদের ছাত্রত্ব বাতিলের দাবিতে শিক্ষার্থীরা গতকাল বিকাল সাড়ে ৫ টায় একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি পরে বিজয় ’৭১ প্রাঙ্গণে অবস্থান কর্মসূচির মাধ্যমে শেষ হয়।
সন্ধ্যা ৬টার দিকে বাকৃবি ভিসি অধ্যাপক ড. মো. রফিকুল হক, ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. সুলতান উদ্দিন ভূঞা আন্দোলনস্থলে উপস্থিত হলে আন্দোলনরত শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে উঠে। পরে ভিসি সায়াদ হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের আশ্বাস দিয়ে বলেন, ‘আমি তোমাদের সকল দাবির প্রতি একমত পোষণ করছি। আমি শিক্ষার্থীদের সকল নৈতিক আন্দোলনের সাথে আছি। তদন্তে সঠিক তথ্য বের হয়ে আসবে। আমিও চাই খুনের প্রকৃত রহস্য বেরিয়ে আসুক এবং প্রকৃত অপরাধীরাই শাস্তির কাঠগড়ায় আসুক।’
তদন্ত কমটির পূর্ণাঙ্গ রিপোর্ট ও সকল কিছু পর্যবেক্ষণের মাধ্যমে আগামী ৮ এপ্রিল রাতে বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব রেসিডেন্সের মিটিংয়ে কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়ার প্রতিশ্রুতিও দেন ভিসি। এরপর ভিসি, ছাত্র বিষয়ক উপদেষ্টা, শিক্ষক সমিতির নেতা ও আন্দোলনরত শিক্ষার্থীরা সায়াদ হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতে শপথবাক্য পাঠ করেন। এরপর সায়াদের আত্মার প্রতি শ্রদ্ধা ও শান্তি কামনা করে মোমবাতি প্রজ্জ্বলন কর্মসূচি পালন করা হয়। এসব কর্মসূচিতে প্রায় সহস াধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এদিকে দাবি-দাওয়া না মেনে নেয়া পর্যন্ত ক্লাসে ফিরবেন না বলে আন্দোলনকারী শিক্ষার্থীরা জানিয়েছেন।
সংগ্রামী সাধারণ ছাত্র জনতার ব্যানারে গতকাল বেলা সাড়ে ১১ টায় বিজয়’৭১ এর সামনের রাস্তায় মানববন্ধন করে ছাত্রলীগ। এই কর্মসূচিতে ভিসি অধ্যাপক ড. রফিকুল হক, ছাত্রবিষয়ক উপদেষ্টা, প্রক্টর ও রেজিস্ট্রার একাত্মতা পোষণ করেন।