সিলেটের ছয়টি শুল্ক স্টেশন দিয়ে কয়লা আমদানি বন্ধ
হুমায়ূন রশিদ চৌধূরী, সিলেট অফিস
প্রকাশ : ০৫ এপ্রিল ২০১৪, ২২:৫৩
সিলেটের শেওলা, বড়ছড়া, বাগলী, তারাগঞ্জ, ভোলাগঞ্জ ও তামাবিল শুল্ক স্টেশন দিয়ে গত ৫ দিন থেকে কয়লা আমদানি বন্ধ রয়েছে। ভারতীয় কর্তৃপক্ষ কয়লা রফতানির ক্ষেত্রে এক শতাংশ ট্যাক্স আরোপ করায় গত ১ এপ্রিল মঙ্গলবার থেকে রফতানি বন্ধ করে দিয়েছেন ভারতের কয়লা ব্যবসায়ীরা।
সূত্র জানায় গত মাসে ভারত সরকার কয়লা রফতানিতে সি এন্ড এফ মূল্যের উপর এক শতাংশ ট্যাক্স আরোপ করলে এই জটিলতার সৃষ্টি হয়। অবশ্য তখন থেকেই সে দেশের ব্যবসায়ীরা এর প্রতিবাদ জানিয়ে আসছেন। এরপর গত ১ এপ্রিল থেকে সে দেশের রফতানিকারকরা কয়লা রফতানি বন্ধ করে দেন। এই ট্যাক্স আরোপ করায় কয়লার মূল্যে প্রভাব পড়বে বলে ব্যবসায়ীরা মনে করেন।
এদিকে আমদানি বন্ধ থাকায় সিলেটের শুল্ক স্টেশনগুলো কার্যত অচল হয়ে পড়েছে। এ দুটি স্টেশনের সাথে জড়িত কয়লা শ্রমিকরা বেকার দিন কাটাচ্ছে। শেওলা শুল্ক স্টেশন এলাকা পরিদর্শনে দেখা যায় সেখানে শোন-সান নিরবতা । আমদানি বন্ধ থাকায় সরকার বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত রয়েছে।
মূলত:এ শুল্ক স্টেশনগুলো কয়লা আমদানি নির্ভর। এসব স্টেশন দিয়ে বছরে যে পরিমাণ কয়লা আসে তা দিয়ে দেশের ইট ভাটাগুলোর উল্লেখযোগ্য পরিমাণ জ্বালানির যোগান হয়। ইট ভাটার সাথে সংশ্লিষ্টরা জানান, কয়লা আমদানি বন্ধ দীর্ঘায়িত হলে মৌসুমের শেষ পর্যায়ে ইট পুড়াতে সমস্যা হতে পারে।
শেওলা ও তামাবিলসহ এসব শুল্ক স্টেশন দিয়ে বছরে ৫ লাখ মে.টন কয়লা আমদানি হয়ে থাকে। শেওলা শুল্ক স্টেশন সূত্রে জানা যায়, এ বছর মার্চ পর্যন্ত এই স্টেশন দিয়ে ৯৪ হাজার মে.টন কয়লা আমদানি হয়েছে। ২০১২-১৩ অর্থবছরে ৭০ হাজার মে.টন কয়লা আমদানি হয়েছে।
এদিকে কয়লা আমদানিকারক গ্রুপের সভাপতি ফালাহ উদ্দিন আলী আহমদের নেতৃত্বে জটিলতা নিরসনে কয়লা আমদানিকারক গ্রুপের ৬ সদস্যের প্রতিনিধি দল গত বৃহস্পতিবার তামাবিল শুল্ক স্টেশন হয়ে ভারত গেছেন। তারা করিমগঞ্জ ডিস্ট্রিক্ট এক্সপোর্টার এন্ড ইম্পোর্টার এসোসিয়েশন ও আসাম এক্সপোর্টার এন্ড ইম্পোর্টার এসোসিয়েশন ও ফরেন ট্রেড চেম্বার অব কমার্স মেঘালয়ার সাথে বৈঠক করবেন। প্রতিনিধি দলের অন্যান্যরা হলেন কয়লা আমদানিকারক গ্রুপের সহ-সভাপতি মো. জাহাঙ্গীর মিয়া, সাধারণ সমপাদক চন্দন সাহা, যুগ্ম সাধারণ সমপাদক সৈয়দ কামাল উদ্দিন, অর্থ সমপাদক মো. আতিক হোসেন, কার্যকরী সদস্য মো. এমদাদ হোসেন। সূত্র জানায় প্রতিনিধি দল রবি-সোমবারের দিকে দেশে ফিরবেন।