যমুনা টেলিভিশনের যাত্রা শুরু
প্রকাশ : ০৫ এপ্রিল ২০১৪, ২২:৫৪
সামনে থাকে, সামনে রাখে-এ স্লোগান নিয়ে দেশের বহুল আলোচিত ২৪ ঘণ্টার নিউজভিত্তিক চ্যানেল যমুনা টেলিভিশনের যাত্রা শুরু হলো। গতকাল শনিবার সন্ধ্যা ৭-৩০ মিনিটে প্রথম নিউজ কাস্টিংয়ের মধ্য দিয়ে চ্যানেলটি আনুষ্ঠানিক যাত্রা শুরু করে। তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু আনুষ্ঠানিকভাবে সমপ্রচারের উদ্বোধন করেন।
যমুনা টেলিভিশনে সমপ্রচার উপলক্ষে যমুনা ফিউচার পার্কে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। শুরুতে একঝাক শিল্পীর কণ্ঠে জাতীয় সঙ্গীতের মাধ্যমে উদ্বোধনের সূচনা হয়। এরপর স্বাগত বক্তব্য রাখেন যমুনা টিভির সিইও আবু আলম শহীদ ও উপদেষ্টা আন্তর্জাতিক খ্যাতিমান সাংবাদিক সাইমন ড্রিং। যমুনা গ্রুপ ও যমুনা টেলিভিশনের চেয়ারম্যান শিল্পপতি নূরুল ইসলাম অতিথিদের ধন্যবাদ জ্ঞাপন করে বক্তব্য রাখেন।
প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, বর্তমান সরকার মিডিয়া বান্ধব সরকার। তিনি সরকারের গঠনমূলক সমালোচনা করার আহবান জানিয়ে বলেন, মিডিয়া শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হয়। তিনি মিডিয়া জগতে যমুনা টেলিভিশনের যাত্রার সুফল কামনা করেন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচটি ইমাম, যুগান্তরের প্রকাশক সালমা ইসলাম এমপি, যমুনা টিভির ব্যবস্থাপনা পরিচালক শামীম ইসলাম, বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান, বুদ্ধিজীবী, সাংবাদিক ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ যমুনা টিভির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
যমুনা টিভি কর্তৃপক্ষ জানান, সর্বাধুনিক সমপ্রচার প্রযুক্তির মাধ্যমে খবরের সবদিক তুলে ধরার পাশাপাশি সংবাদভিত্তিক নানা আয়োজনে সাজানো থাকবে যমুনা টিভির ২৪ ঘণ্টা, সপ্তাহের সাতটি দিন। সারাদেশ এবং বিশ্বের নানা প্রান্ত থেকে একযোগে সমপ্রচার হবে চ্যানেলটি।