জাপার রাজনীতিতে আর কোনদিন এরশাদের জায়গা হবে না
প্রকাশ : ০৫ এপ্রিল ২০১৪, ২২:৫৬
জাতীয় পার্টির (জাফর) চেয়ারম্যান কাজী জাফর আহমেদ বলেছেন, জাতীয় পার্টির রাজনীতিতে আর কোনোদিন এইচএম এরশাদের জায়গা হবে না। কারণ তিনি বিশ্ব বেহায়া, জাতীয় বেঈমান ও থুতুবাবা হিসেবে পরিচিত। তিনি যে গভীর সমুদ্রের অতল গহ্বরে পড়েছেন, সেখান থেকে ওঠা কখনো সম্ভব হবে না। বিএনপির ভাইস-চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমানও বলেছেন, এরশাদের রাজনীতি শেষ, তিনি আর কোনদিন জাতীয় পার্টির নেতা হতে পারবেন না। ইতিহাসের ধারাবাহিকতা এটাই বলে। কাজী জাফরের নেতৃত্বাধীন জাতীয় পার্টিতে কয়েক নেতার যোগদান উপলক্ষে গতকাল শনিবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আয়োজিত ‘বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট ও করণীয়’ শীর্ষক এক আলোচনা সভায় তারা এসব কথা বলেন।
সভায় বিশেষ অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য লে. জে. (অব.) মাহবুবুর রহমান বলেন, গণতন্ত্র আজ বড় হুমকিতে। জাতীয় সংসদ একটি তাসের ঘর, যে কোনো সময় ধসে পড়বে।
প্রধান অতিথির বক্তব্যে কাজী জাফর আহমেদ বলেন, আমার দীর্ঘ রাজনৈতিক জীবনে এবারের মতো রাজনৈতিক পরিস্থিতি দেখিনি। ভারতের লোকসভার নির্বাচন বাংলাদেশের রাজনীতির জন্যও টার্নিং পয়েন্ট হতে পারে। সভায় বিএনপির কেন্দ্রীয় ত্রাণবিষয়ক সম্পাদক সৈয়দ মেহেদী আহমেদ রুমী বলেন, এই সরকারের এক মিনিটও ক্ষমতায় থাকার অধিকার নেই। বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ইসমাইল হোসেন বেঙ্গল বলেন, গণতন্ত্র ও স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় আরেকটি মুক্তিযুদ্ধ দরকার। জাতীয় পার্টির (জাফর) প্রেসিডিয়াম সদস্য মোস্তফা জামাল হায়দার বলেন, নির্বাচন দিতে সরকারকে বাধ্য করা হবে। জাফরের দলে যোগদান করেন- আতিকুর রহমান আতিক, আবু নাসের চৌধুরী, বদরুদ্দোজা আহমেদ সুজা প্রমুখ।