লক্ষ্মীছড়িতে প্রতিপক্ষের গুলিতে জেএসএস কর্মী নিহত

খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়িতে গতকাল শনিবার প্রতিপক্ষের গুলিতে জন সংহতি সমিতির (জেএসএস) কর্মী নারায়ণ চাকমা (২৫) নিহত হয়েছেন। গুলিতে জীতেন চাকমা (২২) নামে এক কর্মী আহত হয়েছেন। বর্তমানে তিনি চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন আছেন। জীতেন চাকমা সাংবাদিকদের জানান, শনিবার বেলা সাড়ে ১২টার দিকে তিনি ও নারায়ণ চাকমা উপজেলা সদরের বেলতলী পাড়ায় ধুরুং খালের পাড়ে বসে আলাপ করছিলেন। এ সময় পাশের উঁচু পাহাড় থেকে সন্ত্রাসীরা তাদের লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি বর্ষণ করে। এতে নারায়ণ চাকমা গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। সেখানেই তার মৃত্যু হয়। তিনি দৌড়ে পালিয়ে যাওয়ার সময় সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে আরো কয়েক রাউন্ড গুলি ছোঁড়ে। একটি গুলি তার ডান হাতে লাগে। তিনি এ ঘটনার জন্য পার্বত্য শান্তিচুক্তি বিরোধী ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টকে (ইউপিডিএফ) দায়ী করেন। লক্ষ্মীছড়ি থানার ওসির দায়িত্বে নিয়োজিত এসআই বাহার জানান, এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে লক্ষ্মীছড়ির দুর্গম বর্মাছড়ির কুতুবছড়িতে জেএসএস ও ইউপিডিএফ-এর মধ্যে বন্দুক যুদ্ধের ঘটনাও ঘটেছে।