ভারপ্রাপ্ত নির্বাচন কমিশনার অবৈধ
প্রকাশ : ০৫ এপ্রিল ২০১৪, ২২:৫৭
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া বলেছেন, প্রধান নির্বাচন কমিশনার ছুটিতে থাকাকালে ভারপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার করার কোনো নিয়ম সংবিধানে নেই। তাই ভারপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার বলে যিনি নিজেকে পরিচয় দিচ্ছেন, তার বৈধতা নেই। সংবিধান লঙ্ঘনের দায়ে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের মাধ্যমে নির্বাচন কমিশনের (ইসি) অভিশংসন (ইমপিচ) দাবি করেন তিনি।
গতকাল শনিবার জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ আয়োজিত ‘গণতন্ত্র, নির্বাচন ও নির্বাচন কমিশন এবং বর্তমান প্রেক্ষাপট’ শীর্ষক গোল টেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ৫ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচন ও উপজেলা পরিষদ নির্বাচনে বর্তমান নির্বাচন কমিশন তাদের নিজ দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারেনি।
ভারপ্রাপ্ত নির্বাচন কমিশনারের সমালোচনা করে তিনি বলেন, তার বক্তব্য শুনলে মনে হয় তিনি আওয়ামী লীগের একজন কর্মী। ভারতকে বিদ্যুত্ করিডোর দেয়ার সমালোচনা করে তিনি করেন, ক্ষমতাসীনরা নিজেদের স্বার্থে ভারতকে বিদ্যুত্ করিডোর দিচ্ছে।
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) একাংশের সাবেক সভাপতি রুহুল আমিন গাজীর সভাপতিত্বে বৈঠকে অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এমাজউদ্দিন আহমেদ, সাবেক উপ-উপাচার্য আ ফ ম ইউসুফ হায়দার, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরউল্লাহ চৌধুরী, অধ্যাপক মাহবুব উল্লাহ, যুবদলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল প্রমুখ।