মমতার প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা নেই

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বানার্জীর প্রধানমন্ত্রী হওয়ার কোনো সম্ভাবনা নেই। এমনটাই মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। এছাড়া তিনি নরেন্দ্র মোদিকে দাঙ্গাবাজ এবং হিটলারের সঙ্গে তুলনীয় বলেছেন। মমতা ফেডারেল ফ্রন্ট গড়তে তত্পর হয়েছেন বলে রাজনৈতিক মহলের একাংশ মনে করছে। সেই কারণেই তিনি বিভিন্ন রাজ্যে প্রচারে যাচ্ছেন। বুদ্ধদেব অবশ্য এই উদ্যোগকে মোটেই গুরুত্ব দিতে রাজি নন। শুক্রবার এক সাক্ষাত্কারে তিনি বলেছেন, ‘ফেডারেল ফ্রন্টের কাজ শুরুই হয়নি, হবেও না। আসলে উনি কোনো দল বা নেতাকে বিশ্বাস করেন না, সহ্যও করেন না। ক্ষমতা ছাড়া আর কিছু বোঝেনও না। তাই ওর (মমতা) প্রধানমন্ত্রী হওয়ার কোনো সম্ভাবনাও নেই। মমতার ফ্রন্ট নিয়ে কটাক্ষ করলেও নিজেদের তৃতীয় বিকল্পের ভবিষত্? নিয়ে নিশ্চিতভাবে কিছু বলতে পারেননি পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী। ভোটে তাদের ফল কেমন হবে, সে প্রশ্নের সরাসরি জবাবও দিতে চাননি। বলেছেন, আমাদের ফল নিশ্চিত ভাবে ভালো হবে। বামফ্রন্ট গতবারের থেকে বেশি আসন পাবে। পাশাপাশি নরেন্দ্র মোদীকে ‘সাম্প্রদায়িক ও দাঙ্গাবাজ’ বলে আক্রমণ করে তাকে হিটলারের সঙ্গে তুলনা করেছেন তিনি। পাশাপাশি বলেছেন, অতীতে মমতা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছেন। কোনো দিন ভুল স্বীকার করেননি। এবারও ভোটের পর বিজেপির সঙ্গে জোট গড়বেন না, তা বলতে পারছেন না। কারণ, ক্ষমতায় থাকতে ওদের সঙ্গে ফের হাত মেলাতেই পারেন।’