জাবির ভূগোল ও পরিবেশ বিভাগে শিক্ষার্থীদের তালা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের এক শিক্ষকের করা রিট প্রত্যাহারের দাবিতে তালা ঝুলিয়েছে এই বিভাগের মাস্টার্সের শিক্ষার্থীরা। শনিবার বেলা বারোটার দিকে রিটকারী শিক্ষক অধ্যাপক মো. মনজুরুল হাসানকে অবরুদ্ধ করে বিভাগে তালা ঝুলিয়ে দেয়। জানা যায়, ২০১২ সালের ১ অক্টোবর অধ্যাপক মো. মনজুরুল হাসানকে সভাপতি করে সম্মান শ্রেণির চূড়ান্ত পরীক্ষার কমিটি গঠন করা হয়। কিন্তু এক বছরের মধ্যেও পরীক্ষা গ্রহণের কোন উদ্যোগ না নেয়ায় গত বছর সেপ্টেম্বরে বিভাগের একাডেমিক কমিটির সভায় ওই কমিটি ভেঙে নতুন কমিটি গঠনের সুপারিশ করা হয়। সে সুপারিশ অনুযায়ী আগের কমিটির জ্যেষ্ঠ সদস্য সহযোগী অধ্যাপক মো. নূরুল ইসলামকে সভাপতি করে ১৯ সেপ্টেম্বর নতুন একটি কমিটি গঠন করা হয়। এ ঘটনার পর অধ্যাপক মো. মনজুরুল হাসান নতুন কমিটির ওপর স্থগিতাদেশ চেয়ে গত বছর ১৭ ডিসেম্বর হাইকোর্টে একটি রিট পিটিশন দায়ের করেন। এ বছর ৯ জানুয়ারি রিট পিটিশনটি খারিজ করে হাইকোর্টের একটি বেঞ্চ। এরপর ১৭ ফেব্রুয়ারি স্থগিতাদেশ চেয়ে তিনি আরেকটি রিট করেন। রিট পিটিশনের প্রেক্ষিতে হাইকোর্টের অপর একটি বেঞ্চ গত ২৪ ফেব্রুয়ারি চার সপ্তাহের মধ্যে কারণ দর্শানোর জন্য রুল জারি করে। রিট প্রত্যাহারের দাবিতে গতকাল শনিবার মনজুরুল হাসানকে অবরুদ্ধ করে বিভাগে তালা ঝুলিয়ে দেয় শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের অভিযোগ, মনজুরুল হাসানের করা রিটের কারণে তাদের পরীক্ষার ফল প্রকাশ বিলম্বিত হতে পারে। এর ফলে তাদের শিক্ষা জীবন আরো দীর্ঘ হবে। যার বিরূপ প্রভাব পড়বে তাদের পেশাগত ক্ষেত্রে। জাবি ছাত্রলীগ সাধারণ সম্পাদকের বহিষ্কারাদেশ প্রত্যাহার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাজিব আহমেদ রাসেলের সাময়িক বহিষ্কারাদেশ প্রত্যাহার করে স্বপদে পুনর্বহাল করার সিদ্ধান্ত নিয়েছে ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ।