ফিল্মি ডায়ালগে নির্বাচনী প্রচারে মিঠুন চক্রবর্তী

হোক না ভোটের প্রচার। বলিউট-টলিউডের এক সময়কার সুপারস্টার মিঠুন চক্রবর্তী থাকবেন,আর ফিল্মি ডায়ালগ থাকবে না -তাই কি হয়! লোকসভা নির্বাচনের পর দিল্লিতে ক্ষমতার কেন্দ্রবিন্দু হয়ে ওঠার যে স্বপ্ন তার দলের নেত্রী মমতা ব্যানার্জি দেখছেন, তাকেই প্রতিষ্ঠা করতে মিঠুন আমদানি করলেন নতুন সংলাপের। আসানসোলে তৃণমূল কংগ্রেস প্রার্থীর সমর্থনে আয়োজিত তিনটি সভাতেই তার সুপারহিট ‘এমএলএ ফাটাকেষ্ট’ ছবির ‘মারব এখানে লাশ পড়বে শ্মশানে’ ডায়ালগের ধাঁচে বললেন, ‘টিপবো বোতাম এখানে, সরকার গড়বো ওখানে।’ ওখানে বলতে মিঠুন দিল্লিকে বুঝিয়েছেন। লাগাতার করতালিতে সবাই তাকে সমর্থন জানালেন। খবর টাইমস অব ইন্ডিয়ার। চিত্রতারকা মিঠুন চক্রবর্তী যে রাজনীতিতেও কম যান না, তা বোঝা গেল তাঁর দ্বিতীয় স্লোগানে। নরেন্দ্রী মোদীর বন্দনার্থে বিজেপি সমর্থকদের আবিষ্কার করা ‘হর হর মোদী’ শ্লোগানকে ব্যঙ্গ করতে মিঠুন স্লোগান তুললেন, ‘হর ঘর দিদি, হর বার দিদি।’ এই শ্লোগান শুনে মঞ্চে বসে মমতা অট্টহাসিতে ফেটে পড়েন। কংগ্রেস-বিজেপির নাম উল্লেখ না করে মিঠুন ভোটারদের উদ্দেশে বলেন, ‘পশ্চিমবঙ্গে যারা জিতবে না, তাদের সমর্থন দিয়ে ভোটটা নষ্ট করবেন না। তৃণমূলকে ভোট দিয়ে দিল্লি পাঠান, তাতে বাংলা বাঁচবে।’ মিঠুনকে দিয়েই রাজ্য জুড়ে ভোটের প্রচারের পরিকল্পনা চূড়ান্ত করে ফেলেছেন মমতা।