কর্ণফুলীতে পাথরবোঝাই লাইটার জাহাজ নিমজ্জিত

চট্টগ্রাম অফিস

কর্ণফুলী নদীতে গতকাল বৃহস্পতিবার ভোরে পাথরবোঝাই একটি লাইটার জাহাজ নিমজ্জিত হয়েছে। জাহাজের ১১ নাবিক ও শ্রমিক অবশ্য নিরাপদে তীরে উঠতে সক্ষম হন। চট্টগ্রাম বন্দরের রেডিও কন্ট্রোল থেকে জানানো হয়, জাহাজটি শাহ আমানত সেতুর দক্ষিণ পাশে তীরের কাছাকাছি পাথর নিয়ে ডুবেছে। এই ঘটনাটি বন্দর চ্যানেলে ঘটেনি। তাই বন্দরের জাহাজ চলাচলে কোনো ধরনের সমস্যা হবে না।

বিআইডব্লিউটিসি সূত্র জানায়, জাহাজটির নাম ‘এমভি সি-ক্রাউন’। এটি রাতে পাথর নিয়ে ফিরিঙ্গিবাজারের ব্রিজঘাটে আসে। জাহাজটি সেখানে তীরের কাছাকাছি নোঙর ফেলে পাথর আনলোড করছিল; কিন্তু ভোরের দিকে তলা ফেটে সেটি ডুবে যায়।